জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধের জের ধরে মেয়ের জামাই আব্দুল লতিফের কুড়ালের আঘাতে শ্বশুর মোগল মোল্লার (৫৫) মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল লতিফ (৩৮), হইবর রহমান (৬০), দুলাল মোল্লাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীনাবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোগল মোল্লা উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাশিমারা গ্রামের মৃত মোছকত মোল্লার ছেলে। এ ঘটনায় মেয়ের জামাইয়সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আব্দুল লতিফ নিহত মোগল মোল্লার জামাই এবং উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাশিমারা এলাকার হইবর রহমানের ছেলে ও হইবর রহমান একই উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সি নাংলা এলাকার আব্দুলের ছেলে এবং দুলাল মোল্লা উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাশিমারা এলাকার ফটিক মোল্লার ছেলে।
মামলার এজহারসূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে শ্বশুর মোগল মোল্লা ও মেয়ে জামাই আব্দুল লতিফের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। বিয়ের পর থেকে আব্দুল লতিফ তার শ্বশুর বাড়ি থাকতেন। গত মঙ্গলবার সকালে নিজস্ব জমির একটি নালায় মোগল মোল্লা ও তার ছোট ভাই মুকুল মোল্লা মাছ ধরতে যান। এ সময় আব্দুল লতিফ তার শ্বশুরকে মাছ ধরতে বাধা দেন। এতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আব্দুল লতিফ কুড়াল দিয়ে শ্বশুরের মাথায় আঘাত করেন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত মোগল মোল্লার স্ত্রী সানোয়ারা বেগম বাদী হয়ে সাত জনকে আসামি করে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমদ বলেন, ‘কুড়ালের আঘাতে মোগল মোল্লা নামেড় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় তার মেয়ে জামাই আব্দুল লতিফসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
অফিসে তালা, বাইরে বসে অফিস করলেন মহিলা কর্মকর্তা
‘বিদেশে পাকিস্তানের সঙ্গে টেস্ট খেললে দুর্দান্ত হবে’