কোল পালমার- সাবেক সিটিজেন, বর্তমান ব্লুজ

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ০২:২০ পিএম

গত মৌসুমে ট্রেবলজেতা ম্যানচেস্টার সিটির অংশ ছিলেন কোল পালমার। সিটির একাডেমিতেই বেড়ে ওঠা ম্যানচেস্টারে জন্মানো এ ফুটবলারের। ২১ বছরের টগবগে ইংলিশ এ অ্যাটাকিং মিডফিল্ডারকে গত গ্রীষ্মে দলে ভেড়ায় চেলসি। আজ রাতে এফ এ কাপের সেমিফাইনালে দুদল মুখোমুখি হওয়ার আগে দুই কোচের মুখে ঘুরেফিরে এলো তার নাম।

আসাটাই স্বাভাবিক। ৪২.৫ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার ছেড়ে লন্ডনের ক্লাবটিতে আসার পর দুর্দান্ত একটি বছর কাটাচ্ছেন পালমার। প্রিমিয়ার লিগে খেলা ২৮ ম্যাচে ২০ বার জালের ঠিকানা খুঁজে নিয়ে যৌথভাবে সর্বোচ্চ গোল স্কোরার তিনি। গত সোমবার এভারটনকে ৬-০ গোলে গুড়িয়ে দেওয়ার ম্যাচে করেন মৌসুমে নিজের দ্বিতীয় হ্যাটট্রিকসহ চার গোল।

সেই পালমারকেই আরও দু’বছর সিটিতে চেয়েছিলেন ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। চেলসির কাছে তাকে ছেড়ে দেওয়ার পর পস্তেছিলেন কি না জানতে চাইলে গার্দিওলা হেসে বলেছিলেন, ‘না। তবে সে দারুণ একজন খেলোয়াড়। এখানে যখন ছিল তখনই আমরা সেটা জানতাম। যোগ্যতা অনুসারে মাঠে আরও বেশি সময় দাবী করতো পালমার। এখানে ও তা পাচ্ছিল না। আমি ওর জন্য খুব খুশি। অসাধারণ একজন প্রতিভা।’

ম্যানসিটির হয়ে প্রথম গোল করার পর পালমার

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর এফএ কাপের শিরোপা ধরে রাখতে সেমিফাইনালে চেলসি ও পালমারের সামনাসামনি হওয়ার আগে গার্দিওলা বলেন, ‘সে আমাদের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। দারুণ একজন ক্রীড়াবিদ। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলা উপহার দিচ্ছে। ও অনেকদিন ধরেই যেতে চাচ্ছিল। কিন্তু আমি চেয়েছিলাম আরও দুটো বছর আমাদের সঙ্গে থাকুক।’ সিটিতে জ্যাক গ্রিলিশ, ফিল ফোডেন, জেরেমি ডকুদের সঙ্গে একাদশের সময় ভাগ করে নিতে হতো পালমারকে।

গত নভেম্বরে স্ট্যামফোর্ড ব্রিজে যোগ করা সময়ের পেনাল্টি গোলে ম্যান সিটি সঙ্গে চেলসিকে ৪-৪ গোলে ড্র করিয়েছিলেন পালমার। চেলসি কোচ মরিসিও পচেত্তিনোর কাছে নিজের সেরা খেলোয়াড়ের গুরুত্ব তাই বেশ। বলেন, ‘এটা পালমারের টানা খেলতে থাকা প্রথম মৌসুম। ও এখনো অনেক তরুণ। তাই আমাদের ওকে নিয়ে সতর্ক থাকতে হবে।’

চেলসির জার্সিতে মৌসুমে আলো ছড়িয়ে যাচ্ছেন পালমার, করেছেন ২০ গোল

ম্যানসিটির বিপক্ষে খেলা প্রসঙ্গে পচেত্তিনো যোগ করেন, ‘এরই মধ্যে দুবার সে সিটির বিপক্ষে খেলেছে। সিটির প্রতি কৃতজ্ঞ সে। সবসময় পেপ সম্পর্কে প্রশংসাই ফোটে তার মুখে। আর পালমার এমন ধরনের মানুষ নয় যে তার সাবেক ক্লাবের বিপক্ষে কিছু প্রমাণের জেদ রয়েছে। সে ভালো করেই জানে অন্য কোনো ক্লাবে সে কেন আসতে চেয়েছিল।’

সব ঠিক থাকলে এবারের ইউরোতে ইংল্যান্ড দলেও দেখা যাবে পালমারকে। তার আগে দারুণ ফর্মে থাকা পালমার অগ্নি পরীক্ষায় নামবেন সাবেক ক্লাবের বিপক্ষে। প্রিমিয়ার লিগে মাঝের দিকে থাকা চেলসির পালমারের সামনে শিরোপা জেতার সুযোগ যে এই একটিই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত