খালেদা জিয়া ও নেতা কর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে সমাবেশ ডেকেছে বিএনপি। আগামী শুক্রবার (২৬ এপ্রিল) নয়াপল্টনে সমাবেশ করবে দলটি। এদিকে পাল্টা সমাবেশ ডেকেছে আওয়ামী লীগও। এ দিন বিকেল তিনটা থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে দলটি।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে দলটি এ শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। সংগঠনের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল তিনটা থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।
নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় নির্বাচনের দাবিতে ২০২২ সালের মাঝামাঝি থেকে সারা দেশে সমাবেশ করেছিল বিএনপি। এরপর ওই বছরের ডিসেম্বরে রাজধানীতে বিভাগীয় সমাবেশ করেছিল দলটি। যার পাল্টা রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ ডেকেছিল আওয়ামী লীগ। এরপর গত বছরের ২৮ অক্টোবর পর্যন্ত রাজধানীতে বিএনপির পাল্টা সমাবেশ করেছিল আওয়ামী লীগও।
আওয়ামী লীগ নেতাদের দাবি সমাবেশকে কেন্দ্র বিএনপি যাতে কোনো ধরনেরর অস্থিতিশীলতা তৈরি করতে না পারে এ জন্য সতর্কতার অংশ হিসাবে তাদের নেতা কর্মীরাও মাঠে থাকবে।
