কার্বন নিঃসরণহীন, টেকসই ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। রবিবার (২১ এপ্রিল) হাউজিং এন্ড বিল্ডিং রিসার্স ইনস্টিটিউটের (এইচবিআরআই) পরিচালনা পর্ষদের সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় গণপূর্তমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য অপরিহার্য যেসব আইন, তা বঙ্গবন্ধু স্বল্পতম সময়ের মধ্যে প্রণয়ন করেছিলেন। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় তিনি জনকল্যাণমুখী বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ সেন্টারও তিনিই প্রতিষ্ঠা করেছিলেন। পরিবেশ সুরক্ষা ও কার্বন নিঃসরণ হ্রাসে বর্তমান বিশ্বে ব্যাপক আলোচনা হচ্ছে। বঙ্গবন্ধু কার্বন নিঃসরণহীন, টেকসই ও পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী উদ্ভাবনে গবেষণার জন্য এ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন।
সভায় বিগত সভার কার্যপত্র অনুমোদন করা হয়। সভায় ২০১৮ থেকে বর্তমান সময় পর্যন্ত ডিপিসির সিদ্ধান্তে ইনস্টিটিউটের নিয়োগ, পদোন্নতি ও পদায়ন ভুতপূর্ব অনুমোদন করা হয়। এছাড়া ২০২৪-২৫ অর্থ বছরে ইনস্টিটিউটের ২১ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়। প্রস্তাবিত বাজেটে প্রতিষ্ঠানের নিজস্ব আয় ২ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা এবং সরকারি অনুদান ১৯ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে। প্রতিষ্ঠান কর্মচারীদের পেনশন প্রবর্তনের বিষয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ও গণপূর্ত সচিব মো. নবীরুল ইসলাম, পরিচালনা পর্ষদের সদস্য ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. আলী আখতার হোসেন, হাউসিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট মহাপরিচালক মো. আশরাফুল আলমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
