বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, পুলিশ ও আনসারের অস্ত্র লুটের মামলায় তিন নারীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। সোমবার (২২ এপ্রিল) দুপুরে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নুরুল হকের আদেশে প্রেক্ষিতে তাদের জেলহাজতে পাঠানো হয়।
আসামিরা হলেন বান্দরবানের রুমা উপজেলার ইডেন রোডের গীর্জা পাড়ার বাসিন্দা লাল নুন পুই বম (১৮), লাল রুয়াত ফেল বম (২০) এবং লাল এং কল বম (২৬)।
ব্যাংক ডাকাতির ওই ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত এই তিন নারী কেএনএফ এর সদস্য।
বান্দরবান আদালতের পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) প্রিয়েল পালিত বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
গত ২ এপ্রিল বান্দরবানের রুমা সোনালী ব্যাংক ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা, পুলিশের অস্ত্র লুটের ঘটনায় রুমা থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়। ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটলে আরও চারটি মামলা হয়। এই ৯ মামলায় এখন পর্যন্ত ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বেনজীরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু