পাহাড়ে অভিযান চালিয়ে সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তাদের কাছ থেকে নয়টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে মঙ্গলবার বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সশস্ত্র গোষ্ঠী কেএনএফের ৯ জন সদস্য নয়টি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর উদ্ধার অস্ত্র ও গোলাবারুদসহ আটক সন্ত্রাসীদের বিলাইছড়ি থানায় হস্তান্তর করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ২ এপ্রিল রুমা উপজেলায় কেএনএফের সশস্ত্র হামলায় সোনালী ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ, পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র লুট, ভাঙচুর এবং ৩ এপ্রিল থানচি উপজেলায় সোনালী ও কৃষি ব্যাংকে হামলা চালিয়ে টাকা লুটের ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে ২ উপজেলায় ৯টি মামলা হয়। কেএনএফকে দমনে মাঠে নামে যৌথ বাহিনী। অভিযানের মধ্যে গত ৭ এপ্রিল কেএনএফের অন্যতম প্রধান সমন্বয়ক চেওশিম বমকে বান্দরবানের বাসা থেকে গ্রেপ্তার করার তথ্য জানায় র্যাব।
‘আমরা যেন শঙ্কামুক্ত জীবন যাপন করতে পারি’
স্নানোৎসবে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু