বৃষ্টি চেয়ে বালিয়াকান্দিতে মুসল্লিদের বিশেষ নামাজ

আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ পিএম

তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বৃষ্টির জন্য বিশেষ প্রার্থনার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় বহরপুর ইউনিয়নের মৃধার বটতলা ঈদগাহ ময়দানে গ্রামবাসী এই আয়োজন করে। নামাজের ইমামতি করেন বহরপুর বাজার জামে মসজিদের ঈমাম মুফতি মো. সাইফুল ইসলাম।

প্রখর রোদ আর অসহ্য গরমকে উপেক্ষা করে বেলা দুইটা থেকে ঈদগাহ ময়দানে উপস্থিত হতে থাকেন মুসল্লিরা। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ মোনাজাতে অংশগ্রহণ করেন। দুপুর তিনটা বাজার সঙ্গে সঙ্গে নামাজের জামাত শুরু হয়। নামাজ শেষে মোনাজাতে ঈমাম সবার কৃতকর্মের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। সেই সঙ্গে তীব্র তাপপ্রবাহের কারণে পশুপাখিসহ সকল জীবের কষ্টের কথা তুলে ধরেন। এ সময় সবার চোখেই ছিল অশ্রু।

এই নামাজ মঙ্গল ও বুধবার আরও দুইদিন একই জায়গাতে অনুষ্ঠিত হবে বলেও মাইকে ঘোষণা করেন ঈমাম।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত