মানবিক কাজ করে পুলিশ নজির স্থাপন করেছে: ডিএমপি কমিশনার

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৪:২৭ পিএম

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, পুলিশ কেবল আইন-শৃঙ্খলা রক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকে না, যেকোনো প্রাকৃতিক দুর্যোগসহ নানা প্রয়োজনে জনগণের জন্য মানবিক কাজ করে পুলিশ। অতিমারি করোনার সময়ও মানবিক কাজ করে বাংলাদেশ পুলিশ সারাবিশ্বে নজির স্থাপন করেছে। তেমনি চলমান তাপপ্রবাহে সাধারণ নাগরিকসহ শ্রমজীবী মানুষের মধ্যে ঢাকার বিভিন্ন জায়গায় সুপেয় পানি বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে ডিএমপি।

আজ মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টার তাৎক্ষণিক পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, দেশে কয়েকদিন ধরে প্রচণ্ড তাপদাহ শুরু হয়েছে। রাস্তায় ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য প্রচণ্ড রোদ এবং বৃষ্টি সব সময়তেই রাস্তায় থেকে ট্রাফিক পুলিশ কাজ করে। সেখানে তাদের বিশ্রাম নেওয়ারও কোনো সুযোগ থাকে না। এই তাপদাহে তৃষ্ণার্ত হওয়ায় আইজিপি মহোদয় ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে খাবার পানি, স্যালাইন, গ্লুকোজ, লেবুর শরবত এ সংক্রান্ত আরো যা কিছু দেওয়ার প্রয়োজন হয় সেগুলো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ৫০টি থানায় বিভিন্ন বাজার, বাস স্টপেজ, মার্কেট, জনবহুল স্থানগুলোতে শ্রমজীবী মানুষের জন্য পানি খাওয়া ও সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা শহরের ৫০টি থানায় কিছু কিছু জায়গায় স্থায়ীভাবে পানির ট্রেইলার ও ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে পানির ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু জায়গায় বোতলের পানি ও স্যালাইন সরবরাহ করা হচ্ছে। সারা মহানগর জুড়ে ডিএমপির এই মানবিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

চলমান তাপপ্রবাহে সড়কে দায়িত্বপালন করা ট্রাফিক পুলিশ সদস্যদের ইউনিফর্ম পরিবর্তন করার কোনো চিন্তা রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, পুলিশের যে ইউনিফর্ম রয়েছে তার বাইরে গিয়ে বিকল্প পোশাক পরিধানের সুযোগ নেই। তবে কালো যে ছাতাটি রয়েছে সেটির বদলে সাদা ছাতা দেওয়ার সুযোগ রয়েছে।

এ সময় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু কমিশনার) মো. এনায়েত করিম, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে এন রায় নিয়তিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত