দেশে তাপদাহ চলছে। গতকাল সোমবার দ্বিতীয় দফায় ৭২ ঘণ্টার ‘হিট অ্যালার্ট’ বা তাপদাহের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। তীব্র গরমের কারণে ইতোমধ্যেই স্কুল-কলেজে সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। গরমে হিট স্ট্রোকসহ বিভিন্ন শারীরিক সমস্যা বেড়ে যাওয়ায় বেশ কয়েকজনের মৃ্ত্যু হয়েছে। হাসপাতালগুলোতে গরমের রোগীর চাপ বাড়ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুব দ্রুত এ অবস্থা থেকে মুক্তি নাও মিলতে পারে। এমন অবস্থায় তিব্র গরমে সুস্থ থাকতে ৮ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ মঙ্গলবার দেওয়া এই নির্দেশনায় বলা হয়েছে, দেশে তিব্র তাপপ্রবাহ বিদ্যমান। এ অবস্থায় সুস্থ থাকতে সতর্কতার কোনো বিকল্প নেই। হিট স্ট্রোকের ঝুঁকিতে সবচেয়ে বেশি আছে নবজাতক, শিশু, গর্ভবতী নারী, গরমে সেবা দেওয়া ও শ্রমজীবী ব্যক্তি, বয়স্ক মানুষ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, চিকিৎসাধীন ব্যক্তি ও অতিরিক্ত ওজনের মানুষ।
অধিদপ্তরের নির্দেশনাগুলো হলো:
১. সারাদিনে পূর্ণবয়স্ক ব্যক্তি কমপক্ষে ২.৫-৩ লিটার নিরাপদ পানি পান করুন। রাস্তাঘাটে তৈরি খাবার ও পানীয় পরিহার করুন।
২. মাঝে মাঝে ছায়া অথবা ঠান্ডা স্থানে বিশ্রাম নিন।
৩. প্রয়োজনে একবারের বেশি গোসল করুন।
৪. গরমের সময়ে সাদা অথবা হালকা রঙের ঢিলেঢালা পাতলা সুতি কাপড় পরিধান করুন।
৫. বিভিন্ন স্বাস্থ্য সমস্যা, যেমন- ডায়াবেটিস, কিডনি রোগ, উচ্চ রক্তচাপ অথবা অন্যান্য রোগ থাকলে গরমের সময়ে করণীয় সম্পর্কে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
৬. মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নিন।
৭. গরমে সুস্থ থাকার জন্য নিজে নির্দেশিত ব্যবস্থা গ্রহণ করুন এবং অন্যকেও উৎসাহিত করুন।
৮. স্বাস্থ্য পরামর্শের জন্য প্রয়োজনে ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ নম্বরে যোগাযোগ করুন।
মধুখালীতে মহাসড়ক অবরোধ, পুলিশের ফাঁকা গুলি
গাজায় যুদ্ধবিরতি মানতে ইসরায়েলকে সৌদির চাপ