সিরাজগঞ্জে হিট স্ট্রোকে ২ কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের পাটাগ্রাম এলাকার পেয়ার আলী ব্যাপারী (৭৫) নামের এক কৃষক কাজ করার সময় মারা যান।
এ বিষয়ে গান্ধাইল ইউনিয়নের সদস্য আবু বকর সিদ্দিক জানান, মঙ্গলবার দুপুরে বৃদ্ধ কৃষক পেয়ার আলী তার জমি দেখার জন্য যমুনায় জেগে ওঠা চর দেখতে যান। এ সময় তীব্র রোদে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সেখানেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোমেনা পারভীন বলেন, এ ধরণের কোনো রোগী হাসপাতালে আসেনি। ফলে এ বিষয়ে আমাদের কিছু জানা নেই।
অপরদিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের কালুপাড়া গ্রামে সকালে মাঠে কাজ করার সময় আফসার আলী (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মহরম আলীর ছেলে।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, কালুপাড়ার আফসার আলী নামে এক কৃষক হিটস্ট্রোকে মারা গেছেন বলে জেনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। তাই তাদের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
