সাতসকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেল বৃদ্ধের 

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১০:৪১ এএম

ময়মনসিংহের নান্দাইলে ভোরবেলায় রাস্তায় হাঁটতে গিয়ে ট্রাকের ধাক্কায় হারুন অর রশিদ(৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল নতুন বাজারে এই ঘটনা ঘটে। 

নিহত হারুন অর রশিদ উপজেলার গাংগাইল ইউনিয়নের ধনারামা গ্রামের মৃত হাবিবউল্লাহ আকন্দের ছেলে। তিনি নান্দাইল উপজেলা ট্রেজারার অফিসের অবসরপ্রাপ্ত অডিটর। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফজরের নামাজের পর কয়েকজন মিলে শরীর চর্চার জন্য মহাসড়ক দিয়ে হাঁটছিল। হঠাৎ ময়মনসিংহগামী একটি দ্রুতগামী ট্রাক রাস্তার সাইডে গিয়ে তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। একই ঘটনায় নূরুল ইসলাম নামের অবসরপ্রাপ্ত এক শিক্ষক মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল হাইওয়ে থানার ওসি স্নেহাংসু বিকাশ সরকার জানান, ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত