হবিগঞ্জে খোয়াই নদী থেকে মাটি লুটে করে নেওয়ার সময় ১০টি ড্রাম ট্রাক আটকে রেখে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৭ মার্চ) দিবাগত রাতে শহরতলীর লম্বাবাঁক এলাকা থেকে মাটি বোঝাই ড্রাম ট্রাকগুলো জব্দ করা হয়। স্থানীয়রা জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহযোগিতা নেয়।
স্থানীয়রা জানায়, এসময় মিজান নামে এক ব্যক্তি জব্দ করা ট্রাকগুলো ছাড়িয়ে নিতে জোর চেষ্টা চালান। তিনি সরকারি কাজে বাধার দায়ে মামলা করার হুমকি দেন। এক পর্যায়ে চৌধুরী বাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছলে মিজান সটকে পড়েন। পুলিশ ট্রাকগুলো জব্দ করে চালকদের কাছ থেকে চাবি নিয়ে নেয়। বর্তমানে ট্রাকগুলো কামড়াপুর এলাকায় পুলিশের পাহারায় রয়েছে।
তবে তাদের অভিযোগ,ইতোমধ্যে ট্রাকগুলো ছাড়িয়ে নিতে একটি মহল দৌড়ঝাপ শুরু করে দিয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকগুলো জব্দ করে। তবে এখন পর্যন্ত ট্রাকগুলোর মালিক বা চালকের সঠিক পরিচয় পাওয়া যায়নি। এ কারণে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এছাড়া ট্রাকগুলো ছাড়িয়ে নিতে কেউ তদবির করছেন না বলে জানান তিনি।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র রাতে নদী থেকে অবাধে মাটি উত্তোলন করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এতে নদীর তীর ভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রেনেকাটা পড়ে ব্যক্তি নিহত
জামালপুরে ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার