শচিনের সেই ক্যাচ এখনও পোড়ায় বাশারকে

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০২:১৬ পিএম

ভারতে ক্রিকেট যদি ধর্ম হয়ে থাকে, তবে তার ঈশ্বর শচিন টেন্ডুলকার। যার ব্যাটে ‘শতকেরও শতক হয়’ দেখেছে বিশ্ব। আজ ক্রিকেট ঈশ্বর জীবনের ইনিংসে ৫১ বছরে পা রাখলেন। ক্রিকেটের লিটল মাস্টারের এই বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম টেস্ট জয়ী অধিনায়ক হাবিবুল বাশার।

হাবিবুল বাশার গত বছর ক্রিকেটের লিটল মাস্টারের ৫০তম জন্মদিনে লিখেছিলেন দেশ রূপান্তরের অনলাইনে। সেখানে স্মৃতিচারণ করে তিনি বলেছিলেন, ‘শচিনের প্রতিপক্ষ হিসেবে আমার প্রথম খেলা ১৯৯৫ সালে। শারজায় এশিয়া কাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের। আমি সেই ম্যাচে খেলিনি।’

তবে স্কোয়াডে থাকায় সেদিনই শচিনকে কাছে থেকে দেখার সৌভাগ্য হয় বাশারের, ‘তারপর অনেকবার দেখা হয়েছে। আমাদের প্রথম টেস্ট, ভারতের বাংলাদেশ সফর, বিশ্বকাপসহ একাধিকবার। যতটুকু আমি শচিনকে দেখেছি, সেটা মাঠেই। এর বাইরে আলাদা করে আর কোনো অন্তরঙ্গতা হয়নি। কখনও কাছাকাছি গিয়েও কথা হয়নি। যা হয়েছে সব মাঠেই।’

তিনি আরও বলেছিলেন, ‘শচিনের সঙ্গে মাঠে আমার অনেক স্মৃতি আছে। তবে একটা ঘটনা আমাকে আজও পোড়ায়। সেটা হচ্ছে আমি ক্যাচ মিস করেছিলাম। আর সেই ম্যাচেই শচিন ডাবল সেঞ্চুরি করেছিল। ঘটনাটা ২০০৪ সালের। সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। মুশফিকুর রহমান বাবুর করা ২০তম ওভারে ও ২৬ ওভারে দুটি ক্যাচ মিস হয়েছিল। তারপর সে ২৪৮ রান করে। পুরো ম্যাচ আমাকে বারবার স্ক্রিনে দেখিয়েছে।’

বাশার যোগ করেন, ‘শচিন টেন্ডুলকারের ব্যাটিং সামনে থেকে দেখাও চোখের জন্য শান্তির। তার ব্যাটে কত ভক্ত সেই শান্তি পেয়েছে তার ইয়ত্তা নেই। সেঞ্চুরিরও সেঞ্চুরি করা যায়, এটা তো ক্রিকেট বিশ্বকে শচিনই শিখিয়েছে। আজ তার জন্মদিন। শুভ জন্মদিন শচিন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত