টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী রশিদ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৫৭ পিএম

উইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ১ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ইংল্যান্ডের শিরোপা ধরে রাখার সম্ভাবনা দেখছেন ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদ।

ইংল্যান্ড সর্বশেষ আইসিসি টুর্নামেন্টে (২০২৩ ওয়ানডে বিশ্বকাপ) খারাপ সময় কাটিয়েছে। ভারতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে ছয় হার ও তিন জয় নিয়ে তারা টুর্নামেন্ট শেষ করেছিল সপ্তম স্থানে থেকে। এ নিয়ে রশিদের মন্তব্য, '৫০ ওভার সম্পূর্ণ ভিন্ন ফরম্যাট।'

রশিদ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ নিয়ে বলেন, ‘আমরা খারাপ করেছি, যা হওয়ার হয়েছে। (ওয়ানডে বিশ্বকাপ) আমাদের সেরা টুর্নামেন্ট ছিল না, ব্যাট–বল কিংবা দল হয়ে কোনো বিভাগেই আমরা নিজেদের সেরাটা খেলতে পারিনি। তবে আমি মনে করি আসন্ন (টি-টোয়েন্টি) বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন ফরম্যাটের, যেখানে আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।'

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে ভূমিকা ছিল রশিদের। ফাইনাল ম্যাচে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন তিনি। নিজেদের আত্মবিশ্বাসের কথা জানিয়ে রশিদ বলেন, 'আমরা আত্মবিশ্বাসী। আমাদের যে দল আছে, এখানে থাকা ক্রিকেটারদের ভালো অভিজ্ঞতা আছে। যদি আমরা একই বিশ্বাস নিয়ে সেখানে যেতে পারি, আমি আশাবাদী আমরা বাকি পথ সামলাতে পারব। আমরা খারাপ বিশ্বকাপ কাটিয়েছি, সেটি মাথায় রাখবো না। কারণ এটা ভিন্ন ফরম্যাটের। আমরা দুটিকে মিলিয়ে ফেলতে চাই না।

এর আগে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে মাত্র একটি ম্যাচে হেরেছিল ইংল্যান্ড। সেটি ছিল অপ্রত্যাশিতভাবে আয়ারল্যান্ডের বিপক্ষে। তবে সেমিফাইনাল ও ফাইনালে দাপট দেখিয়েছিল ইংল্যান্ড। আসন্ন বিশ্বকাপেও দাপট দেখাতে চায় ইংল্যান্ড।

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে রশিদ বলেন, 'চ্যাম্পিয়ন হওয়ার মানসিকতা থাকতে হবে। অতীতে কি ভুল হয়েছে তা নিয়ে পরে থাকলে চলবে না। যদি টি-টোয়েন্টিতে আপনি অনেক বেশি পরিকল্পনা সাজান, তবে আপনি নিজেদের ১৮০-১৭০ তে আটকে ফেললেন। আবার আপনি যদি সত্যিকার স্বাধীনতা নিয়ে খেলেন তাহলে আপনি ২৫০-৩০০ রানও করতে পারবেন।'

বিশ্বকাপের আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। বিশ্বকাপে ইংল্যান্ডের প্রথম ম্যাচ ৪ জুন, স্কটল্যান্ডের বিপক্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত