দেশের জন্য 'সব ছাড়তে' রাজি সিকান্দার রাজা

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৯:২০ পিএম

আগামী ৩ মে থেকে বাংলাদেশের সঙ্গে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়ে। সিরিজের জন্য বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। সেখানে অধিনায়ক হিসেবে আছেন সিকান্দার রাজাই।

আইপিএল খেলতে এ মুহূর্তে ভারতে আছেন এই অলরাউন্ডার। তাই সিরিজের শুরু থেকেই তাকে পাওয়া যাবে কি না- এমন প্রশ্ন উঠেছে। তবে জিম্বাবুয়ের একটি অনলাইন পোর্টালকে রাজা বলেছেন, ‘আমি সেখানে থাকব ইনশা আল্লাহ। (বাংলাদেশ সিরিজের জন্য) আইপিএল ছেড়ে যাচ্ছি।’

এরই মধ্যে পাঞ্জাব কিংসকে নিজের সিদ্ধান্তের কথাও জানিয়েছেন রাজা। ৩৮ বছর বয়সী রাজা এখন পর্যন্ত এ মৌসুমে পাঞ্জাবের হয়ে খেলেছেন ২টি ম্যাচ। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজা বলেন, ‘আমি জিম্বাবুয়ে ক্রিকেটকে প্রতিশ্রুতি দিয়েছি, দেশের একটা সীমিত ওভারের ম্যাচও আমি মিস করব না। এর কারণে যে লিগকেই ছেড়ে যেতে হোক না কেন।’

দেশের হয়ে ৮১টি টি-টোয়েন্টি খেলা রাজার দৃষ্টভঙ্গি হচ্ছে, ‘জিম্বাবুয়ে যদি এখন আমাকে বলে যে তিন দিন পরই সিরিজ আছে, আর প্রতিপক্ষ নাইজেরিয়া, তাতে আমার কিছু যায়–আসে না। জিম্বাবুয়ে যদি আমাকে দলে নেয়, তাহলে আমি পিএসএল ছেড়ে যাব। যদি আইপিএলের সময় সিরিজ আসে, আমি আইপিএল ছেড়ে যাব। গ্লোবালটি-টোয়েন্টি, সিপিএল, আইএলটি-টোয়েন্টি—যে লিগই হোক না কেন।’

১ জুন থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেনি জিম্বাবুয়ে। মে'র শেষ দিকে শুরু ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলার কথা আছে সিকান্দার রাজার। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই ভারতের সঙ্গে সিরিজ আছে বলে নর্দাম্পটনশায়ারকে ব্লাস্টের মাঝপথেই ছেড়ে যাবেন রাজা।

সব মিলিয়ে ২২৭ টি-টোয়েন্টিতে ৪৬৬৮ রানের পাশাপাশি ১৩৩ উইকেট নিয়েছেন সিকান্দার রাজা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত