অভিষিক্ত নাসির খান মারুফখিলের লড়াকু সেঞ্চুরি এবং শেষ বিকেলের রোমাঞ্চ পেরিয়ে অবশেষে দীর্ঘ ২২ বছরের খরা কাটাল জিম্বাবুয়ে। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টে আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারীরা। ২০০৪ সালে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর দুই বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে এটিই জিম্বাবুয়ের প্রথম সাফল্য।
অধিনায়ক ব্রায়ান বেনেটের নেতৃত্বে প্রথম টেস্ট জয়ের পাশাপাশি বিদায়ী প্রধান কোচ জাস্টিন স্যামন্সকে স্মরণীয় এক উপহার দিল জিম্বাবুয়ে দল।
৪১৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ১৪৩ রান তুলেছিল আফগানিস্তান। পঞ্চম ও শেষ দিনে ম্যাচ বাঁচাতে হলে পুরো দিন ব্যাট করতে হতো স্বাগতিকদের। আট নম্বরে ব্যাট করতে নেমে অবিশ্বাস্য এক প্রতিরোধ গড়ে তোলেন অভিষিক্ত নাসির খান। হ্যামস্ট্রিং চোট এবং ব্লেসিং মুজারাবানির একের পর এক বাউন্সারে কাঁধ, পাঁজর ও হাতে আঘাত পেয়েও ২৪২ বলে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।
তাঁকে যোগ্য সঙ্গ দেন আফসার জাজাই। চারবার জীবন পেয়ে ২০২ বলে ৮৭ রান করেন জাজাই। সপ্তম উইকেটে নাসির ও জাজাই ৪৭.৩ ওভার ব্যাট করে ১১৪ রানের জুটি গড়লে ড্রয়ের স্বপ্ন দেখতে শুরু করে আফগানিস্তান। তবে মুজারাবানির বলে জাজাই কট বিহাইন্ড হলে ভাঙে এই প্রতিরোধ।
শেষ দিকে নবম উইকেটে মোহাম্মদ সেলিম সাফির (২২) সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন নাসির। আলোকস্বল্পতার কারণে আম্পায়াররা পেস বোলিং বন্ধ রাখলে আক্রমণে আসেন লেগ স্পিনার গ্রায়েম ক্রেমার। দিনের খেলা শেষ হতে মাত্র ৪.৩ ওভার বাকি থাকতে ১৩১তম ওভারে শেষ ব্যাটসম্যান জিয়াউর রহমানকে স্লিপে ক্যাচ বানিয়ে জিম্বাবুয়েকে ঐতিহাসিক জয়ের আনন্দে ভাসান ক্রেমার। নন-স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে দলকে বাঁচাতে না পারার হতাশায় পুড়তে হয় ১০১ রানে অপরাজিত থাকা নাসিরকে।
দলের পরাজয়ে দিন শেষ হলেও ব্যক্তিগত অর্জনে বিশ্বরেকর্ড গড়েছেন নাসির খান। পুরুষদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি এবং এক ইনিংসে ৭ উইকেট (ম্যাচে মোট ৯ উইকেট) নেওয়ার অনন্য কীর্তি গড়লেন এই আফগান অলরাউন্ডার। টেস্ট ইতিহাসে একই ম্যাচে সেঞ্চুরি ও ৭ উইকেট নেওয়ার নজির এর আগে ছিল মাত্র তিনজনের—জ্যাক গ্রিগরি, ইয়ান বোথাম (দুইবার) ও রবিচন্দ্রন অশ্বিন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ব্রেন্ডন টেলরের ১১৯ ও ইনোসেন্ট কাইয়ার ৯৬ রানের ওপর ভর করে প্রথম ইনিংসে ৩৩৯ রান তোলে জিম্বাবুয়ে। আফগানিস্তানের হয়ে নাসির ১৫১ রানে নেন ৭ উইকেট। জবাবে আফসার জাজাইয়ের ৬৩ রান সত্ত্বেও ভিনসেন্ট মাসেকেসা (৪/৫৪) ও মুজারাবানির (৩/৩৮) তোপে ২১৭ রানে গুটিয়ে যায় আফগানরা।
১২২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়লেও টেলরের ৫০ এবং নবম উইকেটে মুজারাবানি (৫৯) ও ক্রেমারের (৫০*) ৯০ রানের জুটিতে ৯ উইকেটে ২৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড
-
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৩৩৯ (টেলর ১১৯, কাইয়া ৯৬; নাসির ৭/১৫১)
-
আফগানিস্তান ১ম ইনিংস: ২১৭ (জাজাই ৬৩; মাসেকেসা ৪/৫৪, মুজারাবানি ৩/৩৮)
-
জিম্বাবুয়ে ২য় ইনিংস: ২৯৫/৯ ডিক্লে. (মুজারাবানি ৫৯, ক্রেমার ৫০*, টেলর ৫০; সেলিম ৩/৭৮)
-
আফগানিস্তান ২য় ইনিংস: ৩৬০ (নাসির ১০১*, জাজাই ৮৭; ব্র্যাড ইভান্স ৩/৫৫)
-
ফল: জিম্বাবুয়ে ৫৭ রানে জয়ী
-
সিরিজ: দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিম্বাবুয়ের।