শুদ্ধ ভালোবাসার গল্পে ‘বুক পকেটের গল্প’ এর পর এবার বিষণ্ণ প্রেমের গল্পে নতুন ওয়েব ফিকশন ‘তিলোত্তমা’ নিয়ে আসছেন জাহিদ প্রীতম। ফিকশনটির ফার্স্টলুক পোস্টার, টিজার-ট্রেলার উন্মোচনের পর দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছেন বলে জানান এর নির্মাতা।
জানা গেছে, আগামী ২৭ এপ্রিল ফিকশনটি উন্মুক্ত হবে কেএস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। ফিকশনটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, মীর রাব্বী, বন্নি হাসান, তাবাসসুম ছোঁয়া, রেহনুমা আলম ঐশী, মনিরা আক্তার মিঠু, শোয়েব মনির, শফিউল আলম বাবু, তৌহিদুল তামিল প্রমুখ।
ফিকশনটি করতে গিয়ে দারুণ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে জানান আবু হুরায়রা তানভীর। সেই সঙ্গে এও জানান, এটি এখন পর্যন্ত করা তার ক্যারিয়ারের অন্যতম একটি কাজ। তিনি বলেন, ‘প্রত্যেকটা শিল্পীই চায় এমন কিছু কাজ করতে যেটাতে পূর্ণ তৃপ্তি পাওয়া যায়। সেদিক থেকে ‘তিলোত্তমা’ আমার জীবনের সবচেয়ে পরিশ্রমী এবং অত্যন্ত পছন্দের একটি কাজ। যে কাজটি করার পর আমি এক ধরণের তৃপ্তি পেয়েছি। মনে হয়েছে যে, না কিছু একটা করেছি এটলিস্ট। আমার বিশ্বাস কাজটি দেখার পর দর্শকেরাও একই কথা বলবেন, তারাও তৃপ্তি পাবেন।’
যে কয়েকটা গল্প মাথায় রেখে জাহিদ প্রীতম ক্যারিয়ার শুরু করেছিলেন তার মধ্যে অন্যতম পছন্দের গল্প এটি। তার ভাষ্যে, কেউ যদি একটানা আমার গল্পগুলো শেষ করে ওঠে তাহলে একটা বই পড়ার আনন্দ যেমন অনুভূত হয় তেমনই সুন্দর একটা অনুভূতি নিয়ে দর্শক বের হবে বলে আমার বিশ্বাস। অন্যান্যবারের মতো এই গল্পটিও সবার মন ছুঁয়ে যাবে।
তিনি বলেন, ‘আমি আমার জীবন থেকে অনুপ্রেরণা নিয়েই গল্প বুনি, সেগুলোকেই পর্দাতে দেখানোর চেষ্টা করি। তবে এই গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে বলার চেষ্টা করেছি। এটা মূলত ন্যারেটিভ মিউজিক্যাল ফিকশন। এই গল্পে গান, আবহ সঙ্গীত অনেক গুরুত্বপূর্ণ জায়গা রাখবে। সব মিলিয়ে যদি বলি, ‘তিলোত্তমা’ এক বিষণ্ণ প্রেমের গল্প যেখানে দর্শককে পুরো গল্প জুড়ে বিষণ্ণতা আচ্ছন্ন করে রাখবে।’
ওয়েব ফিকশনটিতে তিনটি গান রয়েছে, যেগুলোতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, সিঁথি সাহা, অবন্তী সিঁথি, সৈয়দ নাফিস। আবহ সংগীতের পাশাপাশি গানগুলোর সংগীত পরিচালনা করেছেন সৈয়দ নাফিস।
