গেইল-বোল্টের পর বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৬:৩১ পিএম

কদিন পেরোলেই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ উৎসব। এ আয়োজনে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবার আসরের অ্যাম্বাসেডর হিসেবে আরও চমক উপহার দিলো। ভারতের তারকা অলরাউন্ডার যুবরাজ সিং-এর নাম ঘোষণা করেছে তারা।

আজ এ তথ্য জানায় আইসিসি। এর আগে অ্যাম্বাসেডর হিসেবে ক্রিস গেইল ও উসাইন বোল্টের নাম প্রকাশ করেছিল সংস্থাটি। এবার এ তালিকায় যোগ দিলেন যুবরাজ সিং।

বিশ্বকাপের অ্যাম্বাসেডর হয়ে পেছনের স্মৃতিচারণ করেছেন যুবরাজ, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে আমার কিছু স্মরণীয় মুহূর্ত আছে। এর অন্যতম এক ওভারে ছয় ছক্কা মারা। ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট খেলাটা সবসময় উপভোগ্যের। আর যুক্তরাষ্ট্রে খেলাটা ছড়িয়ে পড়ছে। তাই এবারের আসরের অংশ হতে পেরে রোমাঞ্চিত আমি।’

২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল যুবরাজের। ইংল্যান্ডের বিপক্ষে ওই আসরেই স্টুয়ার্ট ব্রডের ৬ বলে টানা ৬ ছক্কা হাঁকান তিনি।

এবারের বিশ্বকাপে ভারতের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন যুবরাজ, ‘দলে জাসপ্রিত বুমরা আছে, লেগ স্পিনে যুজবেন্দ্র চাহাল আছে। শিবম দুবের সুযোগ পাওয়া উচিত। তবে আমার মনে হয় ব্যাটিং সামর্থে্যর জন্য সূর্যকুমার যাদব যেকোনো ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে এবার।’

ভারতীয় দলের প্রাণভোমরা রোহিত শর্মা-বিরাট কোহলিকে নিয়ে যুবরাজ জানান, ‘এই দুজন ভারতের কিংবদন্তি। ওদের অধিকার আছে যখন খুশি অবসর নেওয়ার। তবে এই বিশ্বকাপের পর ভারতীয় দলে অনেক তরুণ দেখতে চাই আমি, যারা পরের বিশ্বকাপের জন্য তৈরি হবে।’

দিনেশ কার্তিক প্রসঙ্গে বলেন, ‘গত বিশ্বকাপে তাকে দলে নেওয়া হলেও ম্যাচ পায়নি। ম্যাচে খেলানোর পরিকল্পনা না থাকলে তার বদলে একজন তরুণকে দলে নেওয়াই শ্রেয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত