'জীবনে অনেক জানাজা পড়েছি, এই প্রথম নিজের সন্তানসহ তিনজনের জানাজা একসঙ্গে পড়লাম। নিজের সন্তানের লাশ কাঁধে তুলে নিজ হাতে দাফন করলাম। পৃথিবীতে এর চেয়ে বড় কষ্ট আর কিছু নেই’। কান্না জড়িত কণ্ঠে এভাবেই কথাগুলো বলছিলেন, সাজেকে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে নিহত মো. নয়ন মিয়ার বাবা মো. হেলাল উদ্দিন। নয়ন মিয়ার ১৬ মাস বয়সী ছেলে রয়েছে।
নয়নের স্ত্রী তানজিলা আক্তার বলেন, 'আমার সব শেষ হয়ে গেছে। ছোট্ট তাওহীদরে লইয়্যা আমি বাকিটা জীবন কেমনে কাটাইয়্যাম?
মর্মান্তিক ওই সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একই গ্রামের তিনজনসহ পাঁচজনের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে তারুন্দিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারুন বলেন, ‘বৃহস্পতিবার রাত ২ টার দিকে শ্রীপুরজিথর গ্রামের তিনজন ও পার্শ্ববর্তী গিরিধপুর গ্রামের ১ জনের মরহদেসহ মোট চার জনের লাশ বাড়িতে এসে পৌঁছায়। পরদিন শুক্রবার সকাল নয়টায় শ্রীপুরজিথর গ্রামের মৃত মো. তফাজ্জল হোসেন বাবু (২১), মো. নয়ন মিয়া(২২),মো. মহন মিয়া (১৭) এর জানাজার নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, শ্রীপুরজিথর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আফতাব উদ্দিন মাস্টারের বাড়ির আঙিনায় তাদের জানাজার নামাজের ইমামতি করেন মাওলানা হামিদুল হক খোকন। এদিকে একই সড়ক দুর্ঘটনায় নিহত পার্শ্ববর্তী গিরিধরপু গ্রামের আবু সাঈদ ওরফে শাহ্ আলমের জানাজা শুক্রবার সকাল সাড়ে আটটায় নিজ বাড়ির আঙিনায় অনুষ্ঠিত হয়। অপরদিকে একই ঘটনায় নিহত উপজেলার বড়হিত ইউনিয়নের এরশাদুল ইসলাম আসাদের সকাল নয়টায় অনুষ্ঠিত হয়েছে।
তারুন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাসান মাহমুদ রানা বলেন, 'জীবনের প্রথম একসঙ্গে তিনজনের জানাজা পড়লাম। নিহতরা সবাই গরীব মানুষ। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবেও নিহতদের লাশবাহী গাড়ির ভাড়া বাবদ বিশ হাজার টাকা দিয়েছি। এছাড়াও নিহতদের পরিবারকে পরবর্তীতে আরও সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন ইউএনও।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম প্রিন্স বলেন, 'খবরটি শুনে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি। বৃহস্পতিবার রাতেই নিহতদের বাড়িতে গিয়েছিলাম। নিহতদের দাফন- কাফনের জন্য ইতোমধ্যে উপজেলা প্রশাসন এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে প্রতিটা পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়াও পরবর্তীতে বিধি মোতাবেক নিহতদের পরিবারকে সহযোগিতা করা হবে'।
উল্লেখ্য, রাঙামাটির বাঘাইছড়ির দাড়িপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে ৯ শ্রমিক নিহত হয়েছিলেন। গত বুধবার সন্ধ্যায় বাঘাইছড়ি উপজেলার শিজকছড়া-উদয়পুর সড়কের সাজেক ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। এতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাঁচজন শ্রমিক মারা যান।
বাংলাদেশে রাস্তার ধুলোয় মাইক্রোপ্লাস্টিক, বেশি ঝুঁকিতে শিশুরা
সমাবর্তনের অজুহাতে শিক্ষার্থীদের সনদ আটকে না রাখার নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের
বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড