ব্রুনোর গোলে আবাহনীর জয়

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৫৮ পিএম

ব্রাজিলিয়ান ব্রুনো রোচার গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আবাহনী লিমিটেড। বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে সপ্তম জয়ের দেখা পেয়েছে ছয়বারের শিরোপাধারীরা। 

প্রচণ্ড তাপদাহে স্বাভাবিক ফুটবল খেলা কঠিন। কিংস অ্যারেনায় ভালো মাঠ পেয়েও তাই দু'দল খেলতে পারেনি স্বাভাবিক ছন্দে। আক্রমণ, পাল্টা আক্রমণের উত্তাপ ছড়ায়নি ম্যাচে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি আবাহনী অবশ্য কাঙ্ক্ষিত গোলটা পেয়ে যায়। ১৩ ম্যাচ শেষে তিনে থাকা আকাশী-হলুদদের সংগ্রহ ২৫ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে তারা পিছিয়ে ছয় পয়েন্টে। আর দ্বিতীয়স্থানে থাকা মোহামেডানের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে আবাহনী। ১৩ ম্যাচে ষষ্ঠ হারের তেতো স্বাদ পাওয়া শেখ রাসেল ক্রীড়া চক্রকে থাকতে হচ্ছে অবনমন ঝুঁকিতেই। তাদের সংগ্রহ মাত্র ১১ পয়েন্ট।

এ নিয়ে লিগের দুই পর্বেই শেখ রাসেলকে হারালো আবাহনী। প্রথম দেখায় জয়টা ছিল ৩-১ গোলে। শুক্রবার মধ্যমাঠের দুই সেরা অস্ত্র জোনাথন ফার্নান্দেজ ও মোহাম্মদ হৃদয়কে ছাড়াই খেলতে নেমেছিল আবাহনী। জোনাথনের জায়গায় খেলেন ব্রুনো রোচা। আর জামাল ভুঁইয়া নেন হৃদয়ের জায়গা।

দুই নিয়মিত না থাকায় আবাহনীর খেলায় ছিল না ধার। ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে ব্রুনোর বাঁকানো ফ্রি কিক অনেকটা লাফিয়ে ফিরিয়ে দেন রাসেলের কিপার মিতুল মারমা। প্রথমার্ধে বলতে গেলে এটাই একমাত্র আক্রমণ আবাহনীর। 

বিরতি থেকে ফিরেও ম্যাচ চলছিল ঢিমেতালে। আবাহনীর খেলায় কিছুটা গতি বাড়ে বদলি হিসেবে রবিউল হাসান নামায় এবং জাতীয় দলের এই ফরোয়ার্ডের সহায়তায় ৭৪ মিনিটে আবাহনীকে এগিয়ে নেন ব্রুনো। ব্রাজিলিয়ান ওয়াশিংটন ব্রান্দোর কাছ থেকে বল পেয়ে রবিউল বাঁ দিক থেকে ক্রস ফেলেন। তাতে ব্রুনো প্রথমে হেড করলেও তা পোস্টে লেগে ফিরে আসে। তবে ফিরতি বল ডান পায়ে প্লেসিংয়ে জালে জড়ায় এই ব্রাজিলিয়ান।

গায়ের সঙ্গে সেঁটে থাকা রাসেল ডিফেন্ডার সাগর মিয়া পারেননি ক্রসবারে লেগে ফিরে আসা বল ক্লিয়ার করতে। ম্যাচের শেষ দিকে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা নাইমুদ্দিনের কোনাকুণি শট আটকে দিয়ে আবাহনীর জয় বড় হতে দেননি মিতুল।

মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে.মতিউর রহমান স্টেডিয়ামে স্বাগতিক রহমতগঞ্জকে ২-১ গোলে হারানোর ম্যাচে ফর্টিসের হয়ে গোল করেন রাশেদুল ইসলাম এবং পা ওমার। পরে পেনাল্টি থেকে ব্যবধান কমান ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল কোনি। তিন ম্যাচ পর জয় পাওয়া ফর্টিস ১৬ পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে উঠে এসেছে পঞ্চম স্থানে। ১০ পয়েন্ট নিয়ে রহমতগঞ্জ নয়ে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত