প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৭:২৮ পিএম

নেত্রকোণার কলমাকান্দায় প্রতিবন্ধী (বাক ও শ্রবণ) এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তারেক মিয়া (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে তারেককে নেত্রকোণা আদালতে পাঠায় পুলিশ। অভিযুক্ত তারেক মিয়া উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সীপুর গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগীর পরিবার ও মামলার এজহার সূত্রে জানা যায়, প্রতিবন্ধী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে প্রায় সময়ই তারেক ওই শিক্ষার্থীকে বিরক্ত করতো। গত মঙ্গলবার রাতে প্রকৃতির ডাকে ঘরের বাহিরে বের হন ওই কিশোরী। ঘরে আসতে দেরি দেখে তার মা-সহ বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বুধবার সকালে স্থানীয় দুই নারী কিশোরীকে তাদের বাড়িতে দিয়ে আসেন। পরে ভুক্তভোগী তার পরিবারের লোকজনের কাছে ইশারায় ঘটনাটি বলে।

ভুক্তভোগীর প্রতিবন্ধীর মা জানান, গত মঙ্গলবার রাতে অপহরণ করে তার বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরীকে মুন্সীপুর গ্রামের তারেক মিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে তার মেয়েকে সারা রাত আটকে রেখে ধর্ষণ করে।

এ বিষয়ে অভিযুক্তের মা পেয়ারা বেগম বলেন, আমার ছেলের সাথে ওই মেয়ের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। আমার বিবাহিত ছেলের কাছে সে বিয়ে বসতে চায়। সে তার নিজের ইচ্ছায় মঙ্গলবার রাতে আমাদের বাড়িতে আসে। পরের দিন সকালে আমার বোন ও ভাবিদের দিয়ে মেয়েকে তাদের বাড়িতে পাঠাই। এখন জানতে পারলাম আমার ছেলে তারেকের নামে অপহরণ ও ধর্ষণের মামলা দিয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, বৃহস্পতিবার প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্ত তারেক মিয়াকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত তারেককে নেত্রকোণা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দির জন্য নেত্রকোণায় পাঠানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত