খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু, বাঁচাতে গিয়ে আহত ফুপু

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৪৫ পিএম

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে একটি বাসার ছাদ থেকে নিচে পড়ে খাদিজা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন তার ফুপা ইসহাক মিয়া (৩০)।

আজ শুক্রবার (২৬ এপ্রিল) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থা দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন রাত সাড়ে ৮টার দিকে মারা যায় শিশুটি।

হাসপাতালে খাদিজার দাদি ফাতেমা বেগম জানান, বাড়িটির ৫ম তলার ছাদে কয়েকটি ঘর রয়েছে। সেখানেই তিনি তার ছেলের পরিবার ও মেয়ের পরিবার নিয়ে থাকেন। তবে ছাদের চার পাশের রেলিং একেবারে নিচু। দুপুরে সবাই যখন যার যার কাজে ব্যস্ত ছিল তখন অন্য বাচ্চাদের সাথে ছাদে খেলছিল খাদিজা। খেলতে খেলতে রেলিংয়ের পাশে চলে গেলে সেখান থেকে বাইরে পড়ে যাওয়ার উপক্রম হয় শিশুটির। এটি দেখে পাশে থাকা তার ফুপা ইসহাক মিয়া তাকে বাঁচাতে গেলে তিনিসহ শিশুটি ছাদ থেকে একেবারে নিচে পড়ে যায়।

দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন রাতে সেখানে শিশুটির মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন ইসহাক মিয়া।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, শিশুটির মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খিলগাঁও থানা পুলিশকে জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত