নরসিংদীতে ‘প্রচণ্ড গরমে’ এক শিশুর মৃত্যু 

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১০:১৩ পিএম

নরসিংদীর রায়পুরায় প্রচণ্ড গরমে ইয়াসিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগর কান্দির এলাকায় এই ঘটনাটি ঘটেছে।

চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত শিশু ইয়াসিন উপজেলার চাঁনুপুর ইউনিয়নের সওদাগর কান্দি গ্রামের প্রবাসী এনামুল হকের ছেলে।

মৃতের নানা বাচ্চু মিয়া জানান, গতকাল নাতিসহ মেয়ে নরসিংদী শহরে বাসাইল এলাকার ভাড়া বাসা থেকে আমাদের গ্রামের বাড়ি সওদাগর কান্দিতে নিয়ে আসি। আর আজই আমার নাতিটা মারা গেল। দুপুর সোয়া ২টার দিকে ইয়াসিন তার মায়ের সাথে দুপুরের খাবার খাওয়ার সময় অতিরিক্ত গরমে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে সওদাগর কান্দিতে ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের সাব সেন্টারের নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত ফার্মাসিস্ট মিজানুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

সওদাগর কান্দিস্থ চাঁনপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের সাব সেন্টারে দায়িত্বরত ফার্মাসিস্ট মিজানুর রহমান জানান, শিশু ইয়াছিনকে তার কাছে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছিল। যারা নিয়ে এসেছে তাদের ভাষ্যমতে অতি গরমে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত