যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে চীন

  • চীন সফরে গিয়ে চীনের বিরুদ্ধেই অভিযোগ তুললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
  • অভিযোগ অস্বীকার, যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোন হস্তক্ষেপ করা হয়না বলছে চীন
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১১:১২ এএম

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রভাব বিস্তার ও হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে চীন, এমন অভিযোগ তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এছাড়া এই অভিযোগের শক্ত প্রমাণও যুক্তরাষ্ট্রের কাছে আছে বলে দাবি জানিয়েছেন তিনি।

চীন সফরে গিয়ে চীনের বিরুদ্ধেই এ অভিযোগ তুললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

স্থানীয় সময় গত শুক্রবার তিনদিনের চীন সফরের শেষ দিন বেইজিংয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে চীনের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন ব্লিংকেন।

ব্লিংকেন জানান, গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তখনও চলতি বছরের আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চীন যাতে হস্তক্ষেপ চেষ্টা না চালায়— এমন বার্তা শিকে দিয়েছিলেন জো বাইডেন। সে সময় চীনের পক্ষ থেকে এমন কোনো কাজ করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট।

তবে শুক্রবার সিএননকে দেওয়া সাক্ষাতকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন আসন্ন মার্কিন নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে। এ সংক্রান্ত প্রমাণও ওয়াশিংটনের হাতে এসেছে।

তিনি বলেন, ‘আমাদের নির্বাচনে চীনের যেকোনো হস্তক্ষেপের বিষয় আমরা খুবই সতর্কতার সঙ্গে নজর রাখছি। এটা আমাদের কাছে একেবারেই অগ্রহণযোগ্য। সেই বার্তা আমি দিয়েছি।’

তবে এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে চীন। যুক্তরাষ্ট্রের নির্বাচনে কোন হস্তক্ষেপ করে না বলে জানিয়েছে দেশটি। চীন বলছে, অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি বেইজিং সব সময়ই মেনে চলে।

চীন সফরে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অ্যান্টনি ব্লিঙ্কেন। নানা বিষয়ে দ্বিপক্ষীয় সম্পর্কে চলমান টানাপোড়েনের মধ্যেই চীন সফরে গিয়েছিলেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত