আরও দুই ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করল হামাস

  • আরও দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস
  • ভিডিওতে জিম্মিরা মুক্তির জন্য হামাসের সাথে ইসরায়েলের চুক্তির আহ্বান জানান
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১২:৫৩ পিএম

ইসরায়েলি-আমেরিকান তরুণ জিম্মির ভিডিও প্রকাশের কয়েকদিনের মধ্যেই আরও দুই জিম্মির ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। উপত্যকাটিতে এখনো যে এই জিম্মিরা বেঁচে আছেন, ভিডিওতে তার প্রমাণ দিল সংগঠনটি।

স্থানীয় সময় শনিবার কিথ সিগেল (৬৪) ও ওমরি মিরান (৪৭) নামক দুই ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করে হামাস। খবর আল জাজিরা ও বিবিসি।

ভিডিওতে কিথ সিগেল এবং ওমরি মিরান পেছনে খালি পটভূমির সামনে আলাদা আলাদা কথা বলেন। তারা তাদের পরিবারের প্রতি ভালবাসা প্রকাশ করেন এবং মুক্তি চান।

ভিডিওতে অমরি মিরান বলেন যে তাকে ২০২ দিন ধরে রাখা হয়েছে। এসময় তিনি তার মুক্তির জন্য হামাসের সাথে ইসরায়েলের চুক্তির জন্য আহ্বান জানান এবং অন্যদের জিম্মি চুক্তির জন্য বিক্ষোভ বহাল রাখার অনুরোধ জানান।

ভিডিওতে অপর জিম্মি কিথ সিগেল এ সপ্তাহের পাসওভার উৎসবের ছুটির কথা বলেন এবং কান্নায় ভেঙে পরেন। তিনি আশা প্রকাশ করেন যে তার পরিবারের সাথে আবার মিলিত হবেন। এতে এ ভিডিও সম্প্রতি ধারণ করা হয়েছে বলে ইঙ্গিত পাওয়া যায়।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালানোর দিন অন্য জিম্মিদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ দুই নাগরিককেও গাজায় ধরে নিয়ে যান হামাস যোদ্ধারা।

এর আগে গত বুধবার জিম্মি থাকা ইসরায়েলি-আমেরিকান তরুণ হার্শ গোল্ডবার্গ-পোলিনের একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ইসরায়েলে হামাসের হামলার দিন গুরুতর আহত হয়েছিলেন তিনি।

কিথ সিগেল, একজন মার্কিন নাগরিক। গত বছরের ৭ অক্টোবর তার স্ত্রী আভিভাসহ তাকে অপহরণ করেছিল হামাস। কিন্তু গত বছর গাজায় সংক্ষিপ্ত যুদ্ধবিরতির সময় নভেম্বরে আভিভা মুক্তি পান।

নতুন এ ভিডিও এমন এক সময় প্রকাশিত হলো, যখন হামাস বলেছে, তারা যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সাম্প্রতিকতম প্রস্তাব খতিয়ে দেখছে। গণমাধ্যমের খবরে বলা হয়, এ নিয়ে সমঝোতা আলোচনায় গতি আনতে ইসরায়েলে প্রতিনিধি পাঠিয়েছে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টার মধ্যস্থতাকারী মিসর।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে এভাবে জিম্মিদের ভিডিও প্রকাশকে ‘মনস্তাত্ত্বিক সন্ত্রাস’ মন্তব্য করে নিন্দা জানিয়েছে ইসরায়েল।

এছাড়া ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গতকাল শনিবার বলেছেন, গাজায় থাকা অবশিষ্ট জিম্মিদের মুক্তির বিষয় অন্তর্ভুক্ত করে এ ধরনের চুক্তি সই হলে ইসরায়েল দক্ষিণ গাজার রাফায় তার পরিকল্পিত স্থল অভিযান বন্ধ করতে পারে।

গত কয়েক সপ্তাহ ধরে কয়েক দফা আলোচনা চলার পরও ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা হয়নি। তবে সিগেল ও মিরানসহ অবশিষ্ট জিম্মিদের মুক্ত করতে দুপক্ষের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত