বৃহস্পতিবার পর্যন্ত এসি ছাড়া স্কুল ও মাদরাসা বন্ধ রাখতে নির্দেশ

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৫:০৬ পিএম

চলমান তাপপ্রবাহের কারণে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদরাসার ক্লাস আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে ইংরেজি মাধ্যম স্কুল এবং যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এসি আছে ও পাবলিক পরীক্ষা চলছে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

আজ সোমবার (২৯ এপ্রিল) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদেশে আদালত বলেছেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) রয়েছে সেগুলোতে যথারীতি পাঠদান ও পরীক্ষা কার্যক্রম চলবে। এ ছাড়া যদি কোনো প্রতিষ্ঠানে পরীক্ষার দিন ধার্য করা থাকে সেক্ষেত্রে সিডিউল অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ সাইফুজ্জামান জামান আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈদের ছুটির পর এক সপ্তাহ বন্ধ রেখে গতকাল রবিবার থেকে স্কুল কলেজ খুলেছে। দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের মধ্যে স্কুল খোলায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরা। বহু শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়ছে। এমতাবস্থায় তাপদাহের মধ্যে স্কুল কলেজ মাদরাসা খোলা রাখা নিয়ে প্রশ্ন উঠেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত