লালনের ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ গানের কথা ফেসবুকে পোস্ট করায় গ্রেপ্তার করা হয়েছিল সঞ্জয় রক্ষিত (৪০) নামের এক স্বর্ণকারকে। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে শরীয়তপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সাকিব হোসেন তার জামিন মঞ্জুর করেন।
এর আগে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা থেকে গতকাল রবিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সঞ্জয়কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া সঞ্জয় রক্ষিত উপজেলার মহিষার ইউনিয়নের সাজনপুর এলাকার মৃত হরি নারায়ণ রক্ষিতের ছেলে।
পুলিশ জানায়, উপজেলার সাজনপুর বাজারের স্বর্ণকার সঞ্জয় রক্ষিত শনিবার রাত ১১টায় তার ফেসবুক অ্যাকাউন্টে ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ গানের ‘সুন্নত দিলে হয় মুসলমান, নারীলোকের কি হয় বিধান’ লাইনের সঙ্গে কিছু কথা জুড়ে পোস্ট দেন। পরে এই পোস্ট ছড়িয়ে পড়লে এলাকার মুসলমানদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা ভেদরগঞ্জ থানা-পুলিশকে জানায়। পুলিশ সঞ্জয়কে আটক করে। পরে তার বিরুদ্ধে ভেদরগঞ্জ থানার এসআই বজলুর রহমান বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি মামলা করেন।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল বলেন, ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়।
কোর্ট পুলিশের পরিদর্শক আলমগীর হোসেন মজুমদার জামিনের বিষয়ে তথ্য নিশ্চিত করে বলেন, আজ দুপুরে সঞ্জয় রক্ষিতের জামিন মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক।
মঙ্গলবার ২৭ জেলায় স্কুল-কলেজ বন্ধ
হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করবেন শিক্ষামন্ত্রী