কর্ণফুলী নদীর ওপর সংস্কারাধীন কালুরঘাট সেতুতে স্রোতের টানে ছুটে যাওয়া একটি লাইটারেজ জাহাজের ধাক্কা লেগেছে। জাহাজটি সেতুর সঙ্গে আটকে আছে। আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এম ভি সমুদা-১ নামে লাইটারেজ জাহাজটি কর্ণফুলী নদীর তীরে এ কে খান ডকইয়ার্ডে বাঁধা ছিল। বেলা ১২টার দিকে সেখান থেকে প্রবল স্রোতের টানে জাহাজটি সেখান থেকে ভেসে গিয়ে কালুরঘাট সেতুর মাঝ বরাবর গিয়ে ধাক্কা লাগে। এ সময় জাহাজটি সেতুর সঙ্গে আটকে যায়।
খবর পেয়ে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশলী ও সেতু সংস্কার কাজে নিয়োজিত প্রতিষ্ঠানের লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, আমরা খবর পেয়ে এখানে আসলাম। জাহাজটি এখনো আটকে আছে সেতুর সাথে। জাহাজের ধাক্কায় কী ধরণের ক্ষতি হয়েছে তা নিরূপণ করার পর জানানো যাবে।
