‘ইভিএমে ত্রুটি প্রমাণ করতে পারলে সবাই পদত্যাগ করব’

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৯:৪১ পিএম

ইভিএম নিয়ে বিভিন্ন সময় অভিযোগ তুলেছেন নির্বাচনের প্রার্থীরা। তবে কেউ যদি ইভিএময়ে ত্রুটি প্রমাণিত করতে পারে তাহলে নির্বাচন কমিশন থেকে সবাই পদত্যাগ করবেন বলে মন্তব্য করেছেন ইসি আলমগীর।

তিনি বলেন, ‘আমরা আশা করি উপজেলা পরিষদের তিনটি নির্বাচনই সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জ দিয়েছিলাম, আপনারা আইটি এক্সপার্ট নিয়ে আসবেন। যদি প্রমাণ করতে পারেন ইভিএমে দোষ আছে, ত্রুটি আছে। তাহলে ইভিএম তো বাদ যাবে যাবেই, তার সাথে আমরাও পদত্যাগ করে সবাই চলে যাবো।’

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে সাধারণ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময়সভা শেষে এসব কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন, ‘ইভিএম ভোট হওয়ার পরে কোনদিন দেখছেন কোন জায়গায় মারামারি হইছে, ভেটের রেজাল্ট মানি না বলছে। এগুলো সব অযথা ভয়ের প্রচার। এটা ভূতের ভয়ের মতো, ভূত বলতে কিছুই নেই।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনে যদি কোনো প্রভাববিস্তার দৃশ্যমান হয়, তাহলে আমাদের এগুলো দেখার যাদের দায়িত্বে আছেন তারা ব্যবস্থা নেবেন।’

শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাহবুবুল আলম, ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত