প্রচণ্ড গরমে নিজ হাতে শরবত বানিয়ে শিক্ষার্থীদের খাওয়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিহির লাল সাহা। শুধু তাই নয় শিক্ষার্থীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিজেও শরবত গ্রহণ করেছেন। তিনি নিজ অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে শরবত বিতরণ করেন।
আজ বুধবার (১ মে) বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রায় ৫০০ শিক্ষার্থীর মাঝে কাঁচা আমের শরবত বিতরণ করেন এই অধ্যাপক। অধ্যাপক ড. মিহির এই হলের বর্তমান প্রাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এমন কাজের জন্য বেশ প্রশংসিত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক। এছাড়াও তিনি হলে নিয়মিত শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া, একসঙ্গে ক্যান্টিনে খেতে বসা, কর্মচারীদের জন্য বিশেষ আয়োজন করে প্রশংসায় ভেসেছেন। শিক্ষার্থীরা অনেকেই অধ্যাপক মিহিরকে 'মানবিক প্রভোস্ট' বলে আখ্যায়িত করেন।
জগন্নাথ হলের শিক্ষার্থী কনক কান্তি দাস বলেন, ছুটির দিনে আমাদের জগন্নাথ হলের প্রভোস্ট ড. মিহির লাল সাহা স্যার এর একটি সুন্দর উদ্যোগ। অসহনীয় গরমে কিছুটা স্বস্তির জন্য স্যার নিজের পক্ষ থেকে সবার জন্য কাঁচা আমের শরবতের ব্যবস্থা করলেন। স্যার নিজের হাতে সবাইকে শরবত বিতরণ করে তারপর নিজে লাইনে দাঁড়িয়ে থেকে শরবত নিয়েছেন। স্যারের প্রতিটি কাজ প্রসংশনীয় ও শিক্ষামূলক।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মিহির লাল সাহা দেশ রূপান্তরকে বলেন, ছাত্রদের পাশে থাকাটাই শিক্ষকের পবিত্র দায়িত্ব। এই গরমে প্রিয় শিক্ষার্থীদের জন্য কাঁচা আম-মরিচ-পুদিনার শরবত পরিবেশন করলাম। যাতে তারা স্বস্তি পায়, শান্তি পায়। হলের কর্মচারী এবং শিক্ষার্থীরা আমাকে সহযোগিতা করেছেন। আমি নিজেই কাজ করেছি যাতে তারা মনে না করেন একজন প্রভোস্ট শুধুমাত্র অর্ডার দিয়ে চলে যান। শিক্ষার্থীরা যখন আমাকে বলল শরবত খেতে তখন আমি লাইনে দাঁড়িয়ে শরবত নিয়েছি। এটাও করেছি শেখার জন্য, শৃঙ্খলার জন্য। আর ছাত্র শিক্ষক বাবার মতোই। বাবা সন্তানের হাতে এক গ্লাস শরবত তুলে দেওয়ার মাঝে যে কি আনন্দ সেটা বুঝানো যাবে না।
কাল থেকে তাপমাত্রা কমতে পারে
৭ জেলায় বইছে অতি, ১২টিতে তীব্র তাপপ্রবাহ