সিন্ডিকেটের সিদ্ধান্ত প্রত্যাখান, হলেই থাকার ঘোষণা শিক্ষার্থীদের

আপডেট : ০১ মে ২০২৪, ০৩:২৫ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান সংকট নিরসনের লক্ষ্যে ক্যাম্পাস ও আবাসিক হল বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল ৯৩ তম সিন্ডিকেট সভা থেকে এমন সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এই সিদ্ধান্তকে প্রত্যাখান করে রাত থেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন আবাসিক হলের শিক্ষার্থীরা।

আজ বুধবার (১মার্চ) একই দাবিতে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে মানববন্ধন করেন আবাসিক হলের শিক্ষার্থীরা।মানববন্ধনে শিক্ষার্থীরা ক্যাম্পাস খুলে সকল কার্যক্রম চালু, অবিলম্বে ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত বাতিল করা এবং ২৮ তারিখের হামলার তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান। 

শিক্ষার্থীদের সেই মানববন্ধনে একাত্মতা পোষণ করেন কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ নাসির হোসাইন ও শেখ হাসিনা হলের হাউস টিউটর আল আমিন। মানববন্ধনে নাসির হোসাইন বলেন, ‘গণমাধ্যমে দেখলাম  হলে টাকা ও অস্ত্র ঢুকতেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি,  আমার হলের মধ্যে কোন টাকা বা অস্ত্র ঢুকে নাই।  সিন্ডিকেটে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা শিক্ষার্থীসুলভ না। আমি সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করছি। আমি আমার হল খোলা রাখবো।’

শেখ হাসিনা হলের একমাত্র হাউস টিউটর আল আমিন বলেন, আমি নাসির ভাইয়ের সঙ্গে একমত। আমিও হল খোলা রাখবো।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ জিয়া উদ্দিন বলেন, ক্যাম্পাসে এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি, বিকেল ৪টার মধ্যে হল ত্যাগ করতে হবে। হলে শান্তিপূর্ণভাবে ছাত্ররা আছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নোটিশ দিয়েছে এটা নিয়ে আমরা স্ট্রিক না। যদি ছাত্ররা মনে করে হলে থাকতে হবে তাহলে তারা থাকতে পারবে।

বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ শামসুজ্জামান মিলকী বলেন, আমি প্রশাসনের পক্ষ থেকে হল খালি করতে যাবো না। হলে শিক্ষার্থীরা থাকতে পারবে। 

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ জিল্লুর রহমান বলেন, শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে না। তবে যারা চলে যেতে চায় তারা চলে যেতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত