কিছুদিন বাদেই শুরু হবে প্যারিস অলিম্পিক। সেখানে পুরুষ টেনিসের ডাবলস ইভেন্টে কিংবদন্তি রাফায়েল নাদালের সঙ্গে জুটি বাঁধাতে চলেছেন কার্লোজ আলকারাজ।
স্পেনের এই তরুণ তারকা বর্তমানে টেনিস অঙ্গন মাতিয়ে চলেছেন। মাদ্রিদ ওপেনে টানা ১৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ে পৌঁছেছেন কোয়ার্টার ফাইনালে। দুটি গ্র্যান্ড স্ল্যামজয়ী আলকারাজ জানান, ‘আমাদের কিছুটা কথা হয়েছে। যদি সবকিছু পরকিল্পনামাফিক আগায় তাহলে অলিম্পিকে জুটি বেঁধে খেলবো আমরা।’
রোলা গারোতে আগামী ২৭ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত হবে অলিম্পিকের টেনিস আসর। ৩৮ বছরের রাফায়েল নাদাল এ মাঠেই জিতেছেন রেকর্ড সর্বোচ্চ ১৪টি ফ্রেঞ্চ ওপেন।
আলকারাজের এমন ‘ড্রিম টিম’ গড়ার পেছনে বাধা কেবল ফিটনেস ও অনুশীলনের সময় স্বল্পতা। সেগুলো কাটিয়ে উঠতে পারলে প্যারিস অলিম্পিকে জুটি হিসেবে দেখা যাবে দুই প্রজন্মের দুই সেরা স্প্যানিশ তারকাদের।
