গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশনের কাছে কাজীপাড়া এলাকায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের চালকসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে স্টেশনে দাঁড়িয়ে থাকা তেলবাহী একটি ট্রেনের সঙ্গে ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। যাদবপুর রেলওয়ে জংশন এর স্টেশন মাস্টার আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা থেকে ময়মনসিংহ ও ঢাকা থেকে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ, গাজীপুর ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি দাঁড়ানো অবস্থায় ছিল। বিপরীত দিক টাঙ্গাইল থেকে ছেড়ে আসা টাঙ্গাইল কম্পিউটার ট্রেনটি চলন্ত অবস্থায় তেলবাহী ট্রেনের সামনে সরাসরি আঘাত করে। এতে বিকট শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। পরে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ এবং সদর মেট্রো থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। দুর্ঘটনায় যাত্রীবাহী ট্রেনের চালকসহ তিনজন আহত হয়। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা।
সংঘর্ষের ফলে যাত্রীবাহী ট্রেনটির পাঁচটি বগি ও তেলবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল।
