ব্রাদার্সের অঘটনের শিকার জামাল

ব্রাদার্স ৩-২ শেখ জামাল

আপডেট : ০৩ মে ২০২৪, ০৬:০৭ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে শেখ জামালকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছে অবনমন অঞ্চলে থাকা ব্রাদার্স ইউনিয়ন। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে ৩-২ গোলের ব্যবধানে শেখ জামালকে কাঁদিয়েছে ব্রাদার্স।

প্রথমার্ধের যোগ করা সময়ে এলিটা কিংসলের গোলে লিড নেয় ব্রাদার্স। শেখ জামালের বিপক্ষে রাব্বির আড়াআড়ি পাস পেয়ে বাঁ পায়ের প্লেসিংয়ে জামাল কিপারকে বোকা বানান বাংলাদেশের নাগরিকত্ব নেওয়া এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে পেনাল্টি থেকে জামালকে ম্যাচে ফেরান হিগর লেইতে।

৭৫ মিনিটে জামালকে এগিয়ে নেন উজবেক ডিফেন্ডার সাখজদ সায়মানভ । আব্দুল্লাহর ফ্রি-কিকে জামালের উজবেক ডিফেন্ডার সাখজদ সায়মানভ ব্যাক হেডে গোল করেন। ৭৮ মিনিটে আব্দুল্লাহ ফাঁকা পোস্টে বল জমা রাখতে পারেননি। ডান দিক থেকে শাকিলের আড়াআড়ি ক্রস ফাঁকায় পেয়েও যে শট নেন আব্দুল্লাহ, তা সাইডবারে আঘাত করে বাইরে যায়।

৮৩ মিনিটে বদলী ইনসানের সঙ্গে বল দেওয়া নেওয়া করে মোহসিন দারুণ গোলে ব্রাদার্সকে সমতায় ফেরান। ৮৯ মিনিটে রাব্বি হাসান রাহুলের চোখ ধাঁধানো গোলে ফের এগিয়ে যায় ব্রাদার্স। অফসাইডে আবু তোরের গোল বাতিল হওয়ার পরপরই বদলী কিপারের গোলকিক পেয়ে যান মিরাজুল ইসলাম। দ্রুত উপরে উঠতে থাকা রাহুলকে দারুণ থ্রু বাড়ান এই তরুণ। কিংস থেকে ধারে ব্রাদার্সে খেলা রাহুল তাজউদ্দিন ও সাখজদ ও জামাল কিপার হামিদকে বোকা বানিয়ে বল জালে জড়ান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত