বজ্রপাতে গোয়াল ঘরে আগুন লেগে দুটি গরু পুড়ে ছাই

আপডেট : ০৪ মে ২০২৪, ০৫:২১ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বজ্রপাতে গোয়াল ঘরে আগুন লেগে দুটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (৪ মে) ভোররাতে উপজেলার হাইলধর ইউনিয়নের উত্তর তেকোটা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, ৩ বছর আগে ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে দিলোয়ারা বেগমের স্বামী মারা যাওয়ার পর ৪ মেয়ে ও এক ছেলে নিয়ে দুঃখে কষ্টে জীবনযাপন করছিলেন তিনি। বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে গরু-ছাগল পালন করে পরিবারের আর ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালাতেন।

ক্ষতিগ্রস্ত দিলোয়ারা বেগম জানান, ঋণের টাকায় কোরবানির ঈদকে সামনে রেখে গরু দুইটি পালন করেছি। পরিবারে আয় করার মত কেউ নেই। ৪ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে কোনোমতে জীবনযাপন করছি। অভাবের কারণে ছোট ছেলেটাকে এতিম খানায় ভর্তি করে দিয়েছি। এখন বজ্রপাতে গোয়াল ঘরে আগুন লেগে সব শেষ আমার।

হাইলধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কলিম উদ্দিন বলেন, বজ্রপাতে এক অসহায় নারীর দুটি গরু পুড়ে যাওয়ার ঘটনাটি শুনেছি। পরিষদের পক্ষ থেকে ও আমার ব্যক্তিগতভাবে তাকে সহযোগিতা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত