আবাহনীর একটি আক্রমণ রুখতে গিয়ে বল গ্লাভস ফসকেছিল বসুন্ধরা কিংস কিপার আনিসুর রহমান জিকোর। সুযোগটা কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরাতে চেয়েছিলেন আবাহনীর স্টুয়ার্ট কর্নেলিয়াস। তবে শেষ পর্যন্ত সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ডের শট বলের নাগাল পায়নি।
উল্টো তার বুটের স্পাইকের আঘাত গিয়ে লাগে জিকোর কপালের ঠিক উপরিভাগে। মাঠে শুয়ে কাতরাতে দেখা যায় কিংস কিপারকে। মাঠেই প্রাথমিক চিকিৎসা শেষে তাকে এম্বুল্যান্সে করে পাঠানো হয় হাসপাতালে।
ম্যাচের ১৯ মিনিটের এই ঘটনার পর বদলী হিসেবে মাঠে আসেন মেহেদী হাসান শ্রাবন। কিংস এরেনায় ঘটনাটি বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে। এই ঘটনার আগ পর্যন্ত রাকিব হোসেনের গোলে এগিয়ে ছিল স্বাগতিক কিংস। ম্যাচের পঞ্চম মিনিটে রাকিব হোসেনের সুযোগ সন্ধানী গোলে লিড নেয় স্বাগতিকরা। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরা।
প্রিমিয়ার লিগে কখনই কিংসকে হারাতে পারেনি আবাহনী। শনিবার দশমবারের মতো মুখোমুখি হয়েছে দু'দল। এই ম্যাচেও চালকের আসনে কিংস। এই ম্যাচটা জিতলে টানা পঞ্চম শিরোপা থেকে আর চার পয়েন্ট দূরে থাকবে বসুন্ধরা কিংস। তবে ১১ মে পরের ম্যাচে মোহামেডানকে হারালেই চ্যাম্পিয়ন হবে তারা। অন্যদিকে শনিবার হেরে গেলে সপ্তম শিরোপা স্বপ্ন ধূসর হবে আবাহনীর।
