সম্পত্তি নিয়ে বিরোধ, চাচাতো ভাইদের হাতে মেডিকেল শিক্ষার্থী খুন 

আপডেট : ০৪ মে ২০২৪, ০৯:৪৫ পিএম

ময়মনসিংহের ত্রিশালে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে নাজমুল হাসান (২৬) নামে এক মেডিকেল শিক্ষার্থী খুন হয়েছেন। আহত হয়েছেন আরও ২জন। 

গুরুতর আহত অবস্থায় নাজমুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । 

ত্রিশাল থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বালিপাড়া ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মোসলেম উদ্দিন তালুকদারের সাথে সহোদর আব্দুল লতিফ তালুকদার ও আব্দুল রশিদ তালুকদারের পৈত্রিক জমি নিয়ে পারিবারিকভাবে বহুদিন যাবত বিরোধ চলছিল ।

শুক্রবার সন্ধ্যায় জমির বিরোধকে কেন্দ্র করে আব্দুল লতিফ তালুকদারের দুই ছেলে কামাল, জিয়ারুল ও তাদের মামাতো ভাই সৌরভ দেশীয় অস্ত্র নিয়ে তার চাচা মোসলেম উদ্দিন তালুকদার ও তার ছোট ছেলে রনিকে এলোপাতাড়ি দায়ের কোপ ও লাঠি দিয়ে আঘাত করেন। 

এ ঘটনায় মোসলেম উদ্দিনের বড় ছেলে ময়মনসিংহের সিবিএসটির শিক্ষার্থী নাজমুল হাসান তার বাবা ও ছোট ভাইকে উদ্ধার করতে আসলে কামাল, জিয়ারুল নাজমুলকে  পেছন দিক থেকে লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর  আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে নাজমুল হাসান শুক্রবার রাতে  চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গুরুতর 
আহত নাজমুলের বাবা মোসলেম উদ্দিন ও তার ছোট ভাই রনিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ত্রিশাল থানার এস আই আব্দুল করিম জানান, জমি নিয়ে বিরোধের জেরে সহোদর ভাই এবং তাদের ছেলেদের মধ্যে শুক্রবার সন্ধ্যায় মারামারি হয়। এতে বাহাদুরপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে নাজমুল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। 

ত্রিশাল থানা ওসি তদন্ত চাঁদ মিয়া এ প্রতিনিধিকে জানান,  পৈত্রিক সম্পত্তির জের ধরে চাচাত ভাইদের লাঠির আঘাতে  নাজমুল নামে একজনের মৃত্যু হয়। নিহতের  লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে শনিবার বিকেলে  ত্রিশাল থানায় মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত