নগরের চাঁন্দগাও থানাধীন মোহরা এলাকায় পানির সাথে ক্ষতিকর কাপড়ের রঙ ও চিনি মিশিয়ে আইসক্রিম তৈরি করছিল একটি কারখানা।
আজ রবিবার (৫ মে) দুপুরে ওই কারখানায় অভিযান চালিয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তরের একটি টিম। এ সময় আইসক্রিম তৈরি করতে পানির সাথে ক্ষতিকর রং ও চিনির মেশানোর অভিযোগে ‘নেয়ামত শাহ আইসক্রিম’ নামের কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অপর একটি অভিযানে আইসক্রিম তৈরিতে পরিছন্নতা বিধি অনুসরণ না করায় ‘নেজার ফুড বেভারেজ’ নামের কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে নিরাপদ খাদ্য অধিদপ্তর এর সহকারী উপ পরিচালক আবদুর সোবাহান বলেন, ‘আইসক্রিম তৈরিতে পানির সাথে ব্যবহার হচ্ছিল ক্ষতিকর রং। এজন্য একটি প্রতিষ্ঠানকে সতর্ক করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপর একটি অভিযানে পরিচ্ছন্নতা বিধি অনুসরণ না করায় ১ লাখ টাকা জরিমানা হয়েছে।’
