বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের দুই পা বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে গেছে।
আজ রবিবার (৫ মে) সকালে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, কক্সবাজারের রামু উপজেলার মো. রফিক, গর্জনিয়া এলাকার মো. আব্দুল্লাহ ও কচ্ছপিয়া এলাকার রশিদ আহমেদ। এদের মধ্যে মোহাম্মদ আব্দুল্লাহর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
জানা গেছে, শনিবার রাতে একই এলাকায় মাইন বিস্ফোরণে দুই বাংলাদেশি আহত হন। এরা সবাই অবৈধভাবে অনুপ্রবেশ করে সীমান্তর ওপার থেকে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও সে দেশের সেনাবাহিনীর পুতে রাখা মাইন বিস্ফোরণে তারা আহত হন।
স্থানীয় সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে মিয়ানমার সরকারি বাহিনীর সাথে সে দেশের বিদ্রোহী বাহিনীর সাথে যুদ্ধ চলার কারণে দুই পক্ষই সীমান্ত এলাকায় ‘অ্যান্টিপার্সোনাল মাইন’ বা স্থলমাইন পুঁতে রাখে। সীমান্তে চোরাচালানে জড়িত থাকা লোকজন এসব এলাকা ব্যবহার করতে গিয়েই বিস্ফোরণের কবলে পড়ে হতাহত হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরুল আফসার ইমন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
