অটোরিকশার ভেতর তরুণীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

আপডেট : ০৭ মে ২০২৪, ০৮:৩০ পিএম

চট্টগ্রামে পোশাকশ্রমিক এক তরুণীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. সাগর (১৯) ও মো. আক্তার (৩০)। এর মধ্যে গত রবিবার রাতে সাগরকে ডবলমুরিং থানার মিস্ত্রিপাড়া থেকে এবং গতকাল সোমবার (৬ মে) রাতে নগরের বড়পোল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাগরের বাড়ি কুমিল্লায়। তিনি থাকেন নগরের আগ্রাবাদ মিস্ত্রিপাড়ায়। আক্তারের বাড়ি ভোলা  জেলায়। থাকেন নগরের বন্দরটিলা এলাকায়। সাগর পেশায় অটোরিকশা মেকানিক। মিস্ত্রিপাড়ার একটি গ্যারেজে তিনি কাজ করেন। আর আক্তার চালক।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারি জানান, ধর্ষণের শিকার তরুণী পেশায় একজন পোশাক কারখানা কর্মী। তার বাসাও মিস্ত্রিপাড়া এলাকায়। সাগরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। গ্যারেজে নিয়মিত অটোরিকশা রাখার সুবাদে সাগরের সঙ্গে আক্তারের ভালো সম্পর্ক তৈরি হয়।

গত ৩ মে সন্ধ্যায় ওই তরুণী কারখানা  থেকে বের হওয়ার পর বেড়াতে নেওয়ার কথা বলে সাগর তাকে সিএনজি অটোরিকশায় তুলে  নেন। অটোরিকশা চালাচ্ছিল আক্তার। সেদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরের ইপিজেড থানার আকমল আলী পকেটগেট এলাকায় নির্জন স্থানে নিয়ে অটোরিকশার ভেতর সাগর ও আক্তার তাকে ধর্ষণ করেন। রাত সাড়ে ১১টার দিকে একই অটোরিকশায় ওই তরুণীকে মিস্ত্রিপাড়ার বাসায় নামিয়ে দেন তারা। পরের দিন ৪  মে ভুক্তভোগী থানায় এসে মামলা করেন। এরপর রবিবার রাতেই সাগরকে মিস্ত্রিপাড়া এলাকা থেকে এবং পরের দিন  সোমবার রাতে বড়পোল এলাকায় বাসস্ট্যান্ড থেকে আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত