টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে দফায় দফায় ভিমরুলে আক্রমণে অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৮ মে) দুপুরে দুই দফায় উপজেলার মুসুদ্দি ইউনিয়নের মুসুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে ১টার দিকে মুশুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ দিক থেকে একঝাঁক ভিমরুল কেন্দ্রে ভোট দিতে আসা নারী-পুরুষসহ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যদের আক্রমণ করে। হঠাৎ ভিমরুলের আক্রমণে দিশেহারা হয়ে সবাই নিরাপদ আশ্রয়ে ছুটতে থাকে। এ সময় ভোটকেন্দ্র ফাঁকা হয়ে যায়। প্রায় ২০ মিনিট পর ভিমরুলের ঝাঁক অন্যত্র চলে সবাই কেন্দ্রে ফেরে।
দ্বিতীয় দফায় দুপুর আড়াইটায় ভিমরুলের ঝাঁক মাঠে উপস্থিত ভোটারসহ উপস্থিত সবার ওপর আক্রমণ চালায়। এ সময় বেশ কয়েকজন আহত হন।
ভোটকেন্দ্রের দায়িত্ব থাকা পুলিশের এসআই (নিরস্ত্র) আবু তাহের জানান, ভিমরুলের আক্রমণে চার পুলিশ সদস্য ও দুইজন আনসার সদস্য আহত হয়েছে। এদের মধ্যে দুইজন পুলিশ সদস্যদের অবস্থা বেশ খারাপ হলেও তারা দায়িত্ব পালন করেছেন।
মুশুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. মামুন সরকার জানান, ভিমরুলের আক্রমণে তার কেন্দ্রে অন্তত ২৫ জন আহত হয়েছেন। ছানোয়ার ও সলিমুল্লাহ নামে দুইজনের অবস্থা গুরুতর। তাদেরসহ ১০ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
মুশুদ্দি দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার সংখ্যা ২০৫৩। এর মধ্যে নারী ভোটার ১০৪৩ জন ও পুরুষ ভোটার ১০১০ জন।
