চট্টগ্রামের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়েছে। আজ সকাল ১০টা ২৮ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জানা গেছে, সকাল ১০টা ৬ মিনিটে পতেঙ্গায় বিমানবাহিনীর জহিরুল হক ঘাটি থেকে উড্ডয়ন করে ওয়াইএকে ১৩০ মডেলের বিমানটি। প্রশিক্ষণ কার্যক্রম শেষে অবতরণের সময় সকাল ১০টা ২৮ মিনিটে বিমানে আগুন ধরে যায়। তবে শেষ সময়ে বিচক্ষণতার সাথে বের হয়ে আসতে সক্ষম হন দুই পাইলট। তাদের উদ্ধার করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজন পাইলট গুরুতর আহত হয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি ওয়াইএকে ১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনা কবলিত হয়েছে। বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে নৌ-বাহিনী ও পুলিশসহ অন্যান্য সংস্থার কর্মকর্তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
