ভারতের বিপক্ষে চলমান সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করে ৫ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করেছে ভারত। হোয়াইটওয়াশ এড়ানোর এ ম্যাচে টস হেরে আগে ফিল্ডিং করে বাংলাদেশ।
একাদশে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ছিলেন না দলের সেরা পেসার মারুফা আক্তার। ভারতও শুরু করে সাবধানী ভঙ্গিতে। শেফালি ভার্মা ১৪ রানে ফিরলেও টপ অর্ডারে অন্য ব্যাটসম্যানদের কৃতিত্বে বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল ভারত। সেটা হয়ে ওঠেনি রাবেয়া খান ও নাহিদা আক্তারের বোলিংয়ের সৌজন্যে।
২৫ বলে ৩৩ রান করা স্মৃতি মান্ধানাকে ফেরান নাহিদা। এরপর দয়ালন হেমলতার সঙ্গে ৬০ রানের জুটি গড়েন হারমানপ্রীত কৌর। পর পর দুই বলে এ দুজনকে ফেরান নাহিদা ও রাবেয়া। ২৪ বলে ৪ চারে ৩০ রান করে নাহিদার বলে এলবিডব্লিউ হন হারমানপ্রীত। পরের ওভারের প্রথম বলে হেমলতাকে সোবহানার ক্যাচে পরিণত করেন রাবেয়া। দুটি করে চার-ছক্কায় ২৮ বলে ৩৭ রান করেন হেমলতা। ওই ওভারের শেষ বলে সাজানা সজীবনকেও ফেরান রাবেয়া।
তাতে রানের গতিতে ভাটা পড়ে ভারতের। শেষ দিকে রিচা ঘোষের ১৭ বলে অপরাজিত ২৮ রানের সুবাদে দেড়শ ছাড়ায় ভারত। রাবেয়া ২৮ রানে ও নাহিদা ২৭ রানে ২টি করে উইকেট শিকার করেন। অন্য উইকেটটি নেন সুলতানা খাতুন।
