পিৎজা খেতে ইতালিতে দুই ব্রিটিশ বান্ধবী!

আপডেট : ১০ মে ২০২৪, ০৫:২৩ পিএম

বিশ্বায়নের এই যুগে অনেক কিছুই এখন আমাদের হাতের মুঠোয়। দৈনন্দিন ব্যবহারের পণ্যসামগ্রীর পাশাপাশি আমাদের খাদ্যতালিকায় গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ফাস্ট ফুড। রেস্তোরাঁয় খাওয়ার সময় আমরা শুধু দেশীয় খাবারই অর্ডার করি না, ভারতীয়, আফগানি, চাইনিজ, থাই, ইতালিয়ান, জাপানি, ম্যাক্সিকান খাবারও খেতে ভালোবাসি।

ভিনদেশি নানার খাবারের মধ্যে জনপ্রিয় ইতালিয়ান খাবার পিৎজা আমাদের অনেক পছন্দের। শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্করা ঘরে-বাইরে বাহারি নাম-রং ও মুখরোচক স্বাদের পিৎজা খেয়ে তৃপ্তির ঢেকুর তোলে। ইতালির সীমানা পেরিয়ে সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছে গোলাকৃতির এই খাবার। এবার জানা গেল, শুধু পিৎজা খেতেই ইংল্যান্ড থেকে ইতালি গিয়েছেন দুই বান্ধবী। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, মোরহান বোল্ড ও জেস উডার নামের দুই বান্ধবী ইংল্যান্ডের লিভারপুল থেকে এক দিনের ছুটিতে ইতালি গিয়েছেন। কেবল পিৎজা খেতেই দেশটির পিসা শহরে ভ্রমণ করেন তারা।

স্থানীয় সংবাদমাধ্যম ম্যানচেস্টার ইভনিং নিউজ জানিয়েছে, দুই বান্ধবী গত ২৪ এপ্রিল সকাল ৬টার ফ্লাইটে গিয়ে আবার সন্ধ্যা ৬টায় ফিরে আসেন। পরের দিন ঠিক সময়ে কর্মস্থলেও যোগ দেন তারা। এক দিনের বিদেশভ্রমণে মোরহান ও জেস পিৎজা খাওয়ার পাশাপাশি কেনাকাটা করেছেন ও ঘুরে বেড়িয়েছেন। এই সফরে তাদের খরচ হয়েছে ১৭০ পাউন্ড।

মোরহান বলেন, লিভারপুল থেকে লন্ডনে যাওয়ার তুলনায় ইতালি ভ্রমণে কম খরচ হয়েছে আমাদের। লন্ডনের ইউস্টনে ট্রেনে যাতায়াত বাবদই খরচ হবে প্রায় ১০০ পাউন্ড। আর খাওয়ার খরচ তো বাদই দিলাম। আকস্মিক এই ভ্রমণ অভিজ্ঞতাকে ‘পরাবাস্তব’ মনে হচ্ছিল উল্লেখ করে মোরহান বলেন, এক দিনের সফর দারুণ ও সুবিধার। এর জন্য কোনো ব্যাগ গোছাতে হয় না। আমি এক দিন ছুটি নিয়েছি, পরের দিন যথাসময়ে কাজেও যোগ দিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত