এক ঘণ্টার বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় হাঁটুসমান পানি

আপডেট : ১১ মে ২০২৪, ০১:৩৩ পিএম

রাজধানীতে আজ সকালে ঘণ্টাখানেক ঝুম বৃষ্টি স্বস্তি দিলেও বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

শনিবার (১১ মে) সকাল সাড়ে ৭টার পরে শুরু হয় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকায় সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এক ঘণ্টায়  ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমেছে। কারওয়ান বাজার জমে প্রায় হাঁটুসমান পানি। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী বলছে, বৃষ্টির পরে রাজধানীর মিরপুর-২ নম্বরের দক্ষিণ মণিপুরের মোল্লাপাড়া, পশ্চিম শেওড়াপাড়ার বর্ডার বাজার ও কাজীপাড়ায় হাঁটুসমান পানি জমেছে। এ ছাড়া  ধানমন্ডি-২৭,  মোহাম্মদপুর, হাতিরঝিলের মহানগর এলাকার সামনের কিছু অংশ,  মগবাজার, মধুবাগসহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমেছে।   বৃষ্টিতে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে পানি জমলেও বৃষ্টি থামার পরপরই তা সরে যায়।

এদিকে মিরপুর ১৪, ১৩, ১২, ১১, ১০, ২ নম্বর এলাকার বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েন। মিরপুরের পল্লবী থানা এলাকায় কালশী রোডে কোথাও জমেছে হাঁটুপানি। বৃষ্টিতে বেশিরভাগ অফিসগামী মানুষই ভোগান্তিতে পড়েন। কালশী রোডে বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে চলাচল বন্ধ হয়ে যায়।

মিরপুর-১০ থেকে ফার্মগেট যাবেন রাকিব হোসেন নামের এক চাকরিজীবী। সড়কে পানি জমে যাওয়ায় বাসা থেকে জুতা হাতে নিয়ে মিরপুর-১০ মেট্রোস্টেশন পর্যন্ত আসতে হয় তাকে।

রাকিব বলেন, বৃষ্টিতে সড়কে পানি জমে যাওয়ায় অনেক কষ্ট হচ্ছে অফিসে যেতে। বাসার সামনে পানি জমেছে। রিকশাও পাওয়া যাচ্ছে না। জুতা হাতে নিয়ে মেট্রোস্টেশনে আসতে হলো।

তিনি বলেন, যারা বাসে যাচ্ছেন তারা ঘণ্টার পর ঘণ্টা আটকে আছেন। সড়কে পানি জমে থাকার কারণে বাস এগুচ্ছেই না। বিশেষ করে কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার মানুষরা চরম ভোগান্তি পড়েছেন। বেলা ১২টা পর্যন্ত সেখানে পানি সরে নাই। এখনও বিভিন্ন জায়গায় হাঁটুসমান পানি আছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত