এসএসসির ফলাফল আজ, অপেক্ষায় ২০ লাখের বেশি শিক্ষার্থী

  • দুপুর সাড়ে ১১টার পর সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী
  • এরপর স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে ফলাফল প্রকাশ করা হবে
আপডেট : ১২ মে ২০২৪, ০৯:১১ এএম

২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশ করা হবে। এ ফলাফলের অপেক্ষায় রয়েছে স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ লাখেরও বেশি পরীক্ষার্থী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছর অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, রোববার (১২ মে) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বোর্ডগুলোর চেয়ারম্যানরা। পরে দুপুর সাড়ে ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী।

এরপর স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

গত ১৫ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে।

সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের রেওয়াজ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত