সৌদিতে ধরপাকড় চলছেই, এক সপ্তাহে গ্রেপ্তার আরও ১৯৭১০

আপডেট : ১২ মে ২০২৪, ০৮:৫৮ পিএম

এক সপ্তাহে আরও প্রায় ১৯ হাজার ৭১০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সৌদি আরব। গত ২ মে থেকে ৮ মে পর্যন্ত দেশটির আবাসিক, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন করায় এসব অভিবাসীকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১২ মে এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে গালফ নিউজ জানায়, গ্রেপ্তারদের মধ্যে আবাসিক আইন লঙ্ঘনকারী ১২ হাজার ৯৬১ জন, সীমান্ত নিরাপত্তা নিয়ম লঙ্ঘনকারী চার হাজার ১৭৭ জন এবং শ্রম বিধি লঙ্ঘনকারী রয়েছে দুই হাজার ৫৭২ জন।

গ্রেপ্তারদের মধ্যে ৯৭৯ জন অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টার সময় ধরা পড়েছে। দেশ ছাড়ার চেষ্টা করায় গ্রেপ্তার হয় আরও ৪৬ জন। এছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয়, নিয়োগ এবং সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছে আরও  ১২ জন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, যারা অনুপ্রবেশকারীদের দেশে প্রবেশের সুবিধা দেবে বা তাদের পরিবহন, আশ্রয় বা যে কোনো ধরনের সহায়তা দেবে তাদের সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং এক মিলিয়ন সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সেই সঙ্গে পরিবহন এবং বাসস্থান বাজেয়াপ্ত হতে পারে।

প্রায় তিন কোটি ৪৮ লাখ জনসংখ্যার দেশটিতে বিপুলসংখ্যক অভিবাসী শ্রমিক রয়েছে। সৌদি গণমাধ্যম নিয়মিতভাবে অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারের খবর দিয়ে চলেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত