রুশ প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সোইগুকে সরিয়ে দিলেন পুতিন

আপডেট : ১৩ মে ২০২৪, ১১:১৪ এএম

প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সের্গেই সোইগুকে সরিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিরক্ষামন্ত্রীর বদলে তাকে নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী পদে সোইগুর পরিবর্তে অর্থনীতি বিশেষজ্ঞ সাবেক উপ-প্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসভকে স্থলাভিষিক্ত করার প্রস্তাব দিয়েছেন পুতিন।

রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

জানা গেছে, মন্ত্রিসভা রদবদলের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছেন পুতিন, কিন্তু পুতিনের এই পদক্ষেপকে ইউক্রেন আক্রমণের দুই বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার সামরিক নেতৃত্বে একটি বড় ধরনের পরিবর্তন বলে মনে করা হচ্ছে।

রোববার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন একজন বেসামরিক ব্যক্তিকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর এই পদের জন্য বেলোসভ উপযুক্ত।

৬৮ বছর বয়সী সেরগেই সোইগু ২০১২ সাল থেকেই রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। টানা দুই বছরের বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চলছে এবং শোইগু সেই যুদ্ধে মুখ্য ভূমিকা পালন করেছেন।

তবে তাকে সেখান থেকে সরিয়ে রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন নিকোলাই পাত্রুশেভ। তবে পরবর্তীতে তাকে কোন পদে দায়িত্ব দেওয়া হবে সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।

গত মাসে সোইগুর মন্ত্রণালয়ের একজন ডেপুটি কর্মকর্তা, তৈমুর ইভানভকে ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। পুতিনের সাথে সোইগুর ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও এই গ্রেপ্তারকে সোইগুর উপর আক্রমণ এবং তার পদ থেকে সরিয়ে দেওয়ার আগাম পদক্ষেপ হিসেবে ধরা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত