বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্যের ঘটনায় হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। আজ মঙ্গলবার (১৪ মে) সকালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি। এ বিষয়ে আগামী সপ্তাহে আদেশ দেওয়া হবে।
ইউটিউবে বিচার বিভাগ নিয়ে আলালের দেওয়া এক বক্তব্য গত ২৯ এপ্রিল আদালতে উপস্থাপনের পর শুনানি নিয়ে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুলসহ আদেশ দেন। ওই আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।
গত ৪ মে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে তলব করেন হাইকোর্ট। তাকে আজ আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছিল।
আদালত বলেছেন, ভিডিও ক্লিপে আদালত অবমাননাকর মন্তব্য রয়েছে। ওই বক্তব্যের মাধ্যমে তিনি (মোয়াজ্জেম হোসেন) সুপ্রিম কোর্টের নির্দিষ্ট বিচারপতি ও পুরো বিচার বিভাগকে অবমাননা করেছেন।
