রাজস্থানে তার ছিঁড়ে ১৮০০ ফুট নীচে লিফট, উদ্ধার ১৪

আপডেট : ১৫ মে ২০২৪, ১২:০৪ পিএম

ভারতের রাজস্থানে একটি তামার খনিতে তার ছিঁড়ে ১৮০০ ফুট নিচে আটকে পরে লিফট। এ সময় লিফটে পর্যবেক্ষণকারী দলের কয়েক সদস্যসহ ১৪ জন আটকা পড়েন। তবে সারারাত অভিযান চালিয়ে ১৪ জনকেই উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।

দুর্ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের ঝুনঝুনু জেলার কোলিহান নামে একটি তামার খনিতে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও আনন্দবাজার এ খবর জানিয়েছে।

আনন্দবাজার জানায়, মঙ্গলবার (১৪ মে) গভীর রাতে কলকাতা থেকে একটি পর্যবেক্ষণকারী দল ওই খনি পর্যবেক্ষনের জন্য গিয়েছিলেন। সে সময় তাঁদের সঙ্গে খনির উচ্চ পদস্থ কর্মকর্তারাও ছিলেন। লিফ্‌টে করে খনির ভিতরে যাওয়ার সময় আচমকাই তার ছিঁড়ে লিফ্‌টটি ভেঙে যায়। খনির ভিতরে আনুমানিক প্রায় দু’হাজার ফুট নীচে গিয়ে পড়ে সেটি।

সে সময় সেখানে আটকে পড়েন কলকাতা থেকে আসা পর্যবেক্ষণকারী দলের কয়েক সদস্যসহ খনিটির শীর্ষ কর্মকর্তারা । এর পরেই শুরু হয় উদ্ধারকাজ।

পরবর্তীতে আটকে পড়াদের প্রাথমিক চিকিৎসা দিতে চিকিৎসক এবং নার্সদের আট সদস্যের একটি দলকে অন্য একটি পথে খনির ভিতরে পাঠানো হয়েছিল। খনির বাইরে আসার পর চিকিৎসকেরা জানান, খনির ভিতরে আটক সকলেই আপাতত নিরাপদে রয়েছেন।

এর পর সারা রাত অভিযান চালিয়ে বুধবার সকালে খনির ভিতরে গিয়ে আটকে থাকা সকলকেই উদ্ধার করা হয়। উদ্ধার কাজে সর্বাত্মক সহায়তা করেন স্থানীয় এমএলএ ধর্মপাল গুর্জার। খনির ভিতরে আটকে পড়াদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তামার খনিটি ১৯৬৭ সালে চালু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত